সোমবার সাতক্ষীরা যাচ্ছেন প্রধানমন্ত্রী
নির্বাচনের পর সন্ত্রাসী হামলার শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়াতে সোমবার সাতক্ষীরা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাতক্ষীরায় সন্ত্রাসীদের হাতে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, বেশ কয়েকটি স্থাপনা ও প্রকল্পের উদ্বোধন ছাড়াও একটি জনসভায় ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, সন্ত্রাসীদের হাতে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সোমবার দুপুর আড়াইটায় সাতক্ষীরা সার্কিট হাউজে মতবিনিময় করবেন শেখ হাসিনা।
এছাড়া এতিম ছেলেমেয়েদের জন্য একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনা-চুকনগর-সাতক্ষীরা সড়কের চেইনেজ উচুকরণ ও পুনঃনির্মাণ কাজসহ সাতটি কালভার্ট নির্মাণ প্রকল্প, কপোতাক্ষ নদ পুনঃখনন ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম কাজ, সাতক্ষীরা সরকারি কলেজের একাডেমিক কাম-পরীক্ষা হল নির্মাণ, খারহাট কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার, নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার এবং তুলাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ইউনাইটেড মডেল কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ, মানিকখালী সেতু নির্মাণসহ আশাশুনি-পাইকগাছা সড়ক উন্নয়ন প্রকল্প, সাতক্ষীরা মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্প এবং সাতক্ষীরা পৌরসভায় পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা।
এছাড়া বিকাল ৩টায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় আওয়ামী লীগ সভানেত্রীর প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথা রয়েছে।
দিনব্যাপী সফর শেষে বিকালেই প্রধানমন্ত্রী ঢাকা ফিরবেন।
