২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম জামিন নিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান

যমুনা ফিউচার পার্ক থেকে নির্মাণ সামগ্রী পড়ে একজনের মৃত্যুর মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 08:44 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

তিনি রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে উপস্থিত হয়ে আবেদন জানালে তাকে আট সপ্তাহের জন্য জামিন দেয়া হয়।

আদালতে বাবুলের পক্ষে শুনানি করেন আইনজীবী জিয়াউল হক।

গত ৩১ ডিসেম্বর কুড়িলের যমুনা ফিউচার পার্কের নির্মাণাধীন বহুতল ভবনের নয়তলা থেকে নির্মাণসামগ্রী পড়ে শাহীন মিয়া নামের একজন মারা যান।

ওই মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ভাটারা থানায় বাবুলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের ভাই হযরত আলী।

এছাড়া ১২ জানুয়ারি র‌্যাব বাদি হয়ে ভাটারা থানায় দায়ের করা আরেকটি মামলায়ও আগাম জামিন নিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান।

প্রতারণার উদ্দেশ্যে ফিউচার পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডের জন্য র‌্যাবের মতো পোশাক সরবরাহের অভিযোগে র‌্যাব এই মামলা করে।