২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ায় এএসআই কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা পুলিশের আলোচিত সাবেক সহকারী উপ-পরিদর্শক, এএসআই, জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 08:27 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

রোববার দুপুরে তরুণী ধর্ষণ চেষ্টা অভিযোগে করা মামলায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জালাল উদ্দিন এ নির্দেশ দেন।

এই আদালত গত ৩ নভেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও ২৫ নভেম্বর উচ্চআদালত থেকে আট সপ্তাহের জন্য জামিন পান অভিযুক্ত এএসআই।

এ মামলার বাদির আইনজীবী শেখ নাজমুল সাকিব জানান, বিচার বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় জাহাঙ্গীরের বিরুদ্ধে সমন জারি করা হয়।

সমন অনুযায়ী গত বছরের ৩ নভেম্বর আদালতে জাহাঙ্গীরের হাজির হওয়ার কথা থাকলেও তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরে উচ্চ আদালত থেকে আট সপ্তাহ জামিন পান তিনি।

“এ জামিনের শেষ দিন আজ (রোববার) অভিযুক্ত জাহাঙ্গীর দুপুরে আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

গত ১৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গ্রামের এক মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এএসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা।

আদালত তদন্তের জন্য প্রথমে র‌্যাব-৯ কে নির্দেশ দেয়। পরে আদালতের নির্দেশে জেলার মুখ্য বিচারিক হাকিম সফিউল আজম এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করেন।