গ্রেনেড-পিস্তলসহ গাজীপুরে গ্রেপ্তার ২
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ ক্রেতা সেজে অভিযান চালিয়ে দুইটি আর্জেস গ্রেনেড, একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে।
রোববার বিকালে গাজীপুর সদর উপজেলার ভোগড়া দক্ষিনপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার ও দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুরের সাত নং চর এলাকার রমজান বেপারীর ছেলে আ. করিম (২৯) ও পটুয়াখালির মির্জাগঞ্জের মকুমা এলাকার হানিফ জমাদ্দারের ছেলে আসলাম জমাদ্দার (২৩)।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি আবুল খায়ের বলেন, “উদ্ধার করা গ্রেনেড দুইটি তাজা কিনা পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না।
“তবে আটককৃতরা অস্ত্র বিক্রি করে। এর আগেও বিভিন্ন স্থানে কেনাবেচা করেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।”
গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত করিম ও আসলাম গত কয়েকদিন ধরে অস্ত্র বিক্রির জন্য কয়েকজনের সঙ্গে যোগাযোগ করছিল। এ খবর পেয়ে ক্রেতা সেজে তারা তাদের গ্রেপ্তার করে।
