২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘুর উপর হামলায় বিভিন্ন জেলায় প্রতিবাদ

সংখ্যালঘুদের ঘরবাড়ি, মন্দিরে হামলা-লুটপাট-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ অব্যাহত রয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 07:21 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

রোববার সকালে খাগড়াছড়িতে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট, ইউপিডিএফ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সকাল ১১ টায় এ জেলার দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করে তারা।

ইউপিডিএফ নেতা দেবদন্ত ত্রিপুরার সভাপতিত্বে শহরের চেঙ্গী স্কোয়ারে সমাবেশে বক্তব্য দেন দলের স্থানীয় নেতারা।

দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশময় সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকায় বাড়িঘর-উপাসনালয়ে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতের গ্রেপ্তার না করতে পারার সমালোচনা করেন বক্তারা।

এছাড়াও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দান এবং আহতদের চিকিৎসা খরচ বহন করার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন

একই ইস্যুতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ বাংলাদেশ মহিলা পরিষদ।

রোববার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জেলার সভাপতি লক্ষী চক্রবর্তীর সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, নারায়গঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি ও অন্যরা।

বক্তারা বলেন, নির্বাচনের আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে চলেছে।

এসব ঘটনার সঙ্গে জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় তারা উৎসাহিত হচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।

‘বিএনপি-জামায়াত মানুষ মারার সংস্কৃতি চালু করেছ’

রোববার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময়কালে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “দেশে আন্দোলনের নামে বিএনপি-জাময়াত মানুষকে পুড়িয়ে হত্যার সংস্কৃতি চালু করেছে।

“মিডিয়ার মাধ্যমে বা গোপন ভিডিও বার্তায় কর্মসূচি দেয়। আর সেই কর্মসূচি বাস্তবায়ন করে তাদের দলীয় সন্ত্রাসীসহ জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা।

রাজনৈতিক মতভেদ থাকতে পারে উল্লেখ করে রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা ও মানুষ মারার রাজনীতির সংস্কৃতি থেকে বিএনপিকে বের হয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।