চট্টগ্রাম জিয়ার জন্মবার্ষিকী পালন
নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৮তম জন্মদিন।
এ উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, মিলাদ মাহফিল, দুঃস্থদের মধ্যে কাপড় বিতরণসহ নানা কর্মসূচি পালন করে।
রোববার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মহানগর বিএনপির পক্ষ থেকে জিয়াউর রহমানের প্রথম কবরে ফুল দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, কেন্দ্রীয় পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদিকা রোজী কবির, সহ শ্রমবিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
পরে নগরীর ষোলশহরের বিপ্লব উদ্যানে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোমান।
তিনি বলেন, “স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিগগিরই খালেদা জিয়ার নেতৃত্বে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী বাকশালী সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু হবে।
“আপসহীন দেশনেত্রী অতীতে কোনো স্বৈরাচারের সঙ্গে আপস করেননি, ভবিষ্যতেও করবে না। গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমেই মানুষের ভোটাধিকার ও গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চলবে।”
সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার, জাসাসনেতা কাজী আকবর প্রমুখ।
সিটি মেয়রের শীতবস্ত্র বিতরণ
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নিজ এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম।
সকালে নগরীর পাহাড়তলীর একটি কমিউনিটি সেন্টারে জিয়ার জন্মদিনে খতমে কোরআন, দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এম মনজুর আলম বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্কট উত্তরণে এবং দেশের অগ্রগতি, সমৃদ্ধির জন্য জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়।
মিলাদ মাহফিল শেষে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মেয়র।
