সীতাকুণ্ডে শিপইয়ার্ডে আগুনে ৩ শ্রমিক দগ্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ডে কবীর স্টিল শিপইয়ার্ডে আগুনে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
এরা হলেন- তপন জলদাশ (৩০), মো. লালু (১৯) ও মো. রিয়াদ (২০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে একটি ট্যাংকে আগুন ধরে তারা দগ্ধ হন বলে পুলিশ জানায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, সকালে শিপইয়ার্ডে কাজ করার সময় একটি ট্যাংকে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে এরা দগ্ধ হন।
তপন ও লালুর অবস্থা আশঙ্কাজনক বলেও জানান বাশার।
