‘যারা বাংলাদেশ চায় না, হামলায় তারাই’
রোডমার্চের গাড়িবহরে বোমা হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
শুক্রবার রাতে দফায় দফায় হাতবোমা হামলার মধ্যে রোডমার্চের গাড়িবহর বগুড়া শহরে পৌঁছানোর পর এক সমাবেশে তিনি বলেন, “আমাদের গাড়িকে লক্ষ করে মুহুর্মুহু হামলা হয়েছে। যারা চায়, বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, যুদ্ধাপরাধীদের বাঁচাতে যারা মরিয়া হয়ে উঠেছে, যারা সারা দেশব্যাপী সহিংসতায় মেতে উঠেছে তারাই এই হামলা চালিয়েছে।
“অবিলম্বে এই সন্ত্রাসীদের খুঁজে বের করুন। বের করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন।”
বোমা হামলা করে গণজাগরণ মঞ্চের আন্দোলন থামানো যাবে না জানিয়ে তিনি বলেন, “এই পথ ফুল বিছানো নয় জেনেই এসেছি। এরপরও আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ। একবার যেহেতু আমরা ঘরের বাইরে আসতে শিখেছি, আমরা বাংলাদেশের তরুণ সমাজ এদেরকে মোকাবেলা করে ঘরে ফিরবো।”
অবিলম্বে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী ছাত্র শিবিরকে নিষিদ্ধের দাবি জানিয়ে ইমরান বলেন, “আমরা আজ সাত মাথায় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, ভবিষ্যত প্রজন্মের জন্য আমরা এমন বাংলাদেশ গড়বো, যেখানে যুদ্ধাপরাধী, মৌলবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠীর কোনো স্থান থাকবে না।”
সাম্প্রদায়িক সন্ত্রাস রুখতে জাগরণের এই রোডমার্চ কোনো বাধার মুখে পিছু হটবে না জানিয়ে তিনি বলেন, “আগামীকাল আমরা বগুড়া থেকে আবার যাত্রা শুরু করবো। আমরা জানি আমাদের কাজে বাধা আসবে। সেই বাধায় আমরা থামবো না।
“সারা দেশের প্রতি ইঞ্চি জায়গায় গণজাগরণ মঞ্চ যাবে। প্রতি ইঞ্চি জায়গায় গিয়ে আমরা জামায়াত শিবিরকে মোকাবেলা করবো। প্রতি ইঞ্চি জায়গা থেকে জামায়াত শিবিরকে উচ্ছেদ করবো।”
নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সকালে শাহবাগ থেকে ঠাকুরগাঁও অভিমুখে রোডমার্চ শুরু করে গণজাগরণ মঞ্চ।
যাত্রাপথে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা, বনানী বাইপাস ও শাহজাহানপুরের পটকি ব্রিজ এলাকায় রোডমার্চের গাড়িবহর লক্ষ্য করে দফায় দফায় হাতবোমা হামলা হয়।
এতে বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসমত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মাকসুদুল আলমসহ (৬৫) অন্তত পাঁচজন আহত হন।
ইমরান এইচ সরকার বলেন, “এই জঙ্গিবাদী গোষ্ঠী রাজিব হায়দারসহ ২২জনকে হত্যা করেছে। কিন্তু আমরা এক চুলও নড়বো না। এই হামলা মোকাবেলা করে ঘরে ফিরবো। শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এদেরকে মোকাবেলা করবো।
উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা। সকল অপশক্তিকে মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া আপনাদের দায়িত্ব।”
বগুড়া শহরের সাতমাথা মোড়ে ওই সমাবেশে ইমরান বলেন, “আমাদের একটাই শত্রু, যারা বাংলাদেশকে স্বীকার করে না।”
সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়ার জন্য সরকারের সমালোচনা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান।
তিনি বলেন, “এতো কিছুর পরও সরকারের টনক নড়েনি। তারা এখনো জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেনি। তাদের বিরুদ্ধে অভিযান চালাতে এত দেরি কেন।”
