বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
বগুড়ার শিবগঞ্জে বাসের ধাক্কায় নসিমনআরোহী তিন নারী এবং ধুনটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ- পরিদর্শক সানোয়ার হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকমতলার পাকুরতলায় ঢাকা-রংপুর মহাসড়কে বসুন্ধরা এন্টারপ্রাইজের ঠাকুরগাঁওগামী একটি বাস একটি নছিমনকে ধাক্কা দেয়।
এতে নছিমনের যাত্রী দুই বোন সাজেদা খাতুন (৫০) ও মাজেদা খাতুন (৪৫) এবং মালেকা বেগম (৫৫) ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় ওই নছিমনের আরো সাত যাত্রী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
উপ- পরিদর্শক সানোয়ার জানান, ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটি আটক করে এবং মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। ঘণ্টাখানেক পর স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে তারা ফিরে যান।
নিহত সবার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আমবাড়ী গ্রামে। তারা শিবগঞ্জ উপজেলার মেঘাখর্দ গ্রামে একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।
এদিকে বগুড়ার ধুনট উপজেলার পূর্ব ভরনশাহী এলাকায় ট্রাকচাপায় রনি কুমার (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত রনি টাঙ্গাইল সদরের মগড়া এলাকার মহাদেব কুমারের ছেলে। তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী বলে ধুনট থানার এসআই এনায়েত কবীর জানান।
এনায়েত বলেন, এ দুর্ঘটনায় রবিন কুমার (১৭) নামে ওই মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন।
