ঘন কুয়াশা কাল হয়েছে বীজতলার
ঘন কুয়াশার কারণে রংপুরে বোরো ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ।
কয়েক দিনের টানা কুয়াশায় বীজতলার বেশিরভাগ চারাই নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন সেখানকার কৃষকরাও।
রংপুর সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের ভুরারঘাট গ্রামের কৃষক খলিলুর রহমান বলেন, “কুয়াশার হাত থাকি বীজতলা রক্ষা করা যাইতোচে না। আমার এক একর জমির বীজতলার বেশির ভাগ চারাই নষ্ট হয়া গেইচে। ”
পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের দেউতি গ্রামের কৃষক আব্দুল বারেক বলেন,“ঘন কুয়াশায় প্রথমে চারা লাল হয়া পরে তা পঁচি যাইতোচে।”
তার প্রায় ২০ শতক জমির বীজতলার চারাই পঁচে গেছে বলে জানিয়েছেন এই কৃষক।
চলতি বোরো মৌসুমে রংপুর জেলায় ৭ হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করে কৃষকরা বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ।
“এর মধ্যে ৯৯৮ হেক্টর জমির বোরো বীজতলা এরই মধ্যে নষ্ট হয়ে গেছে।”
ধানের চারা বাঁচাতে তাই কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।
রাতভর বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রেখে সকালে খুলে দেয়ার এবং বিকাল থেকে স্বচ্ছ পানিতে বীজতলা ডুবিয়ে রেখে সকালে সে পানি ছেড়ে দেয়ার কৃষকদের প্রতি তার পরামর্শ।
কৃষকদের নানা পরামর্শ দিয়ে লিফলেটও বের করেছে কৃষি বিভাগ।
