যশোরের যুবলীগ নেতা খুন
যশোর শহরে এক যুবলীগ নেতা দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।
বুধবার রাতে শহরের ঘোপ বেলতলা মোড়ে এ হামলায় নিহত রফিকুল ইসলাম শিপন (৩৬) শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শিপনের মৃত্যুর খবর নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক।
তবে কারা তাকে হত্যা করেছে তা পুলিশ জানাতে পারেনি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে বলে জানতে পেরেছি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা অনুসন্ধান করা হবে।”
পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করেছে বলেও তিনি জানান।
নিহত শিপনের স্ত্রী রুবি জানান, রাত ৮টার কিছু আগে ৫/৬জন দুর্বৃত্ত ঘোপ বেলতলা মোড়ে একটি মিষ্টির দোকানে ঢুকে তাকে গুলি করে।
যশোর জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলা চালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পাশের পলিটেকনিক রোড দিয়ে চলে যায়। হত্যাকারী সকলের মুখ মাফলার ও লম্বা টুপি দিয়ে ঢাকা ছিল।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুস সামাদ জানান, হাসপাতালে আনার আগেই শিপনের মৃত্যু হয়। তার মাথা ও বুকে গুলি করা হয়েছে।
এদিকে শিপনের মৃত্যু হওয়ার সাথে সাথে তার কিছু যুবক শহরের হাসপাতাল মোড়ে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়, কয়েকটি দোকান ভাংচুর করে এবং ফাঁকা গুলি করে ভীত সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করে।
