২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ছাত্রলীগ নেতা খুন

পটুয়াখালীতে ইউনিয়ন পর্যায়ের এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 03:20 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

নিহত মো. আলমগীর (২৬) বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একই ইউনিয়নের কারখানা গ্রামের মো. আবুল আকনের ছেলে। স্থানীয় আবদুল মুন্সীর বাজারে তার মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকান রয়েছে।

বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার জানান, বুধবার সকালে নিজ গ্রামের একটি নালা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

নিহতের পরিবারের বরাত দিয়ে কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ আকন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ী ফেরার পথে আলমগীর একটি মসজিদে যান। ওই সময় বাড়ির লোকজনের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি।

পরে সকালের দিকে বাড়ীর প্রায় এক কিলোমিটার দূরে কারখানা নদীর পাড়ের একটি নালায় তার লাশ পাওয়া যায়।

নিহতের স্ত্রী লাভলী আক্তার বলেন, কারা ও কেন তাকে হত্যা করেছে সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার জানা মতে আলমগীরের কোনো শত্রু ছিল না। তাই কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।”

ওসি নরেশ চন্দ্র বলেন, তদন্তের আগে হত্যাকাণ্ড নিয়ে কিছু বলা যাবে না।

ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।