চট্টগ্রামে ৩ দিনে ৪ জনের লাশ উদ্ধার
চট্টগ্রামে ডবলমুরিং থানা এলাকায় ভেলুয়ার দীঘি থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে নগরীর বিভিন্ন স্থান থেকে গত কয়েকদিনে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং) হাসানুজ্জামান মোল্লা জানিয়েছেন, উদ্ধার করা লাশটি নুর হোসেন (২৫) নামে এক যুবকের। তার বাড়ি ভেলুয়ার দীঘি উত্তর পাড় এলাকায়। বাবার নাম জয়নাল আবেদিন।
নিহতের হাঁটু ও কনুইয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
নূর হোসেন কখনো অটোরিকশা চালাতেন আবার কখনো মাছ ধরতেন। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে স্বজনরা।
একদিন আগে মঙ্গলবার খুলশী থানা এলাকায় রেলওয়ে জাদুঘরের পাশের একটি পাহাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
একই দিন বিমান বন্দর সড়কের সিমেন্ট ক্রসিংয়ের কাছের এলাকা থেকে গলায় গামছা পেঁচানো আরও একজনের লাশ পাওয়া যায়।
আগের দিন সোমবারও নগরীর সিআরবি এলাকা থেকে চম্পক দেওয়ানজী নামের একজনের লাশ উদ্ধার হয়।
