নেত্রকোনায় চারজনের যাবজ্জীবন
নয় বছর আগের একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার আদালত।
নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ বুধবার এই রায় ঘোষণা করেন।
এছাড়া আরো ১৪ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন তিনি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন রতন নামে একজন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- আটপাড়া উপজেলার কড়ারধুম গ্রামের আব্দুর রহমান, মঞ্জু মিয়া, নুরু মিয়া ও আলতু মিয়া।
যাবজ্জীবনের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
অন্য আসামিদের মধ্যে ১৪ জনকে বিভিন্ন ধারায় ছয় বছর করে সশ্রম কারাদণ্ড ও ছয় হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারদণ্ড দেয়া হয়েছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কমলেশ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটপাড়া উপজেলার কড়ারধুম গ্রামে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এর জেরেই ২০০৪ সালের ২ জুন আলতু মিয়া নামের এক ব্যক্তি খুন হন।
ওই হত্যাকাণ্ডের পর নিহত আলতুর ভাই সবুজ মিয়া আটপাড়া থানায় মামলা করেন। এর তিন মাস পর পুলিশ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
