২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে এক পরিবারের ৪ জন খুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একই পরিবারের চার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 09:52 AM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বুধবার ভোরের দিকে কোনো এক সময় সীমান্তবর্তী  দিয়াডাঙ্গা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে বলে ভূরুঙ্গামারী থানার ওসি এ এইচ এম মাহফুজুর রহমান জানান।

নিহতরা হলেন- সুলতান মিয়া (৫৫), তার স্ত্রী হাজেরা (৪৬) এবং তাদের দুই  নাতনি রোমানা (১৪) ও আনিকা (৭)।

তাদের আরেক নাতনি মৌসুমীও হামলায় গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৌসুমী এবারের এসএসসি পরীক্ষার্থী।

ওসি জানান, দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে তাদের হত্যা করেছে। চুরি করতে গিয়ে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে নিহত সুলতান মিয়ার ভাতিজা মমিনুল ইসলাম বলেন, “এটি শুধুই চুরি নয়, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর পেছনে বড় কোনো রহস্য রয়েছে।”

পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডু জানান, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দলকে সেখানে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।