সেলিম আল-দীনকে স্মরণ জাহাঙ্গীরনগরে
‘শূন্যতার শুভ্র ভুবনে/তুমি নির্বানে রহ থির’ উপপাদ্যে নাট্যাচার্য সেলিম আল দীনের ষষ্ঠ প্রয়াণ দিবস দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার সকাল ১০টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফের নেতৃত্বে একটি শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
সকাল ১১টায় সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসার উদ্বোধন করেন মেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান।
সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ‘নাটক ও নাট্যতত্ত্ব’ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটগীতের আসর এবং ১২টায় চাঁন মিয়া বয়াতির কণ্ঠে অনুষ্ঠিত হয় গাজীর গান ‘জামাল-কামালের পালা’।
বিকাল ৩টায় মিতালী অপেরার পরিবেশনায় ‘রহিম রূপবান’ এবং সাড়ে ৫টায় মঙ্গলবাতি ও আকাশ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম আল দীন ২০০৮ সালের ১৪ জানুয়ারি মারা যান।
এদিকে বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে শীতকালীন ছুটি শুরু হয়েছে। ২২ জানুয়ারি ক্লাস-পরীক্ষা পুনরায় শুরু হবে। তবে ১৬ জানুয়ারি থেকে অফিস খোলা থাকবে।
