দশ ট্রাক অস্ত্র: বিচারকের বাড়ির সামনে ‘বোমাসদৃশ বস্তু’
দশ ট্রাক অস্ত্র মামলার বিচারক চট্টগ্রামের মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের সরকারি বাসার সামনে থেকে ‘বোমাসদৃশ বস্তু’ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বন্দরনগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় বিচারকের বাসার মূল ফটকের কাছে ‘টেপে মোড়ানো বোতল’টি পাওয়া যায়।
পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আতঙ্ক সৃষ্টির জন্য বোতলটি সেখানে রাখা হয়ে থাকতে পারে।
বিচারকের গাড়ির চালক সৈয়দ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ‘বস্তুটি’ দেখে তারা পুলিশকে জানান।
আগের দিন বিকালে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে ৩০ জানুয়ারি রায়ের দিন রাখেন বিচারক মজিবুর রহমান।
গতবছর ১০ নভেম্বর রাতে তার বাসার সামনে একটি ককটেলে বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
আলোচিত এই মামলায় আসামিদের মধ্যে জামায়াতে ইসলামী আমির সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পাশাপাশি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক দুই প্রধানও রয়েছেন।
