কণ্ঠযোদ্ধা শাহ আলীর নিভৃত প্রস্থান
নিভৃতে, একাকিত্ব নিয়েই চলেই গেলেন স্বাধীন বাংলা বেতারের কণ্ঠশিল্পী শাহ আলী সরকার।
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঢেকুরিয়ায় নিজ জন্মভূমিতে সোমবার রাত সোয়া ৮টার দিকে তিনি মারা যান।
তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে রেখে গেছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে এই বীর মুক্তিযোদ্ধা বাড়ির পাশের ঢেকুরিয়া বাজারে চায়ের দোকানে বসা ছিলেন। আকস্মিক অসুস্থবোধ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল হাসান জানান, শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হওয়ায় শাহ আলী সরকারকে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি।
মঙ্গলবার বাদ জোহর ঢেকুরিয়ার মাইজবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
শাফিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রীয় মর্যাদায় শাহ আলীকে সমাহিত করার প্রস্তুতি নেয়া হয়েছে।
জীবিতাবস্থায় এই শব্দ সৈনিক অর্থ কষ্টে ভুগছিলেন। ১৯৯৬ সাল থেকে স্বজনদের ছেড়ে একাকী জীবনযাপন করতেন তিনি।
স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরাও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই গুণী শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।
শাহ আলী সরকারকে নিয়ে প্রচুর লেখালেখি করেছেন তার স্বজন ও স্থানীয় একটি কলেজের প্রভাষক আব্দুল জলিল।
তিনি জানান, মুক্তিযুদ্ধের শুরুর সময় শাহ আলী সরকার রংপুর বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন। দেশমাতৃকার টানে চলে যান রণক্ষেত্রে। পরে উচ্চ পদস্থ কর্মকর্তাদের নির্দেশে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেয়ার উদ্দেশ্যে চলে যান কলকাতায়।
যুদ্ধ জয়ের গানকে ব্রত হিসেবে নিয়ে মুক্তিযুদ্ধের পুরোটা সময় চালিয়ে যান অন্যরকম এক লড়াই।
জীবনের শেষবেলা কষ্টে কেটেছে শাহ আলী সরকারের। পাকিস্তান আমলে বিএ পাস করা সত্ত্বেও ভাগ্যে জোটেনি ভালো কোনো চাকরি ।
নিজভূমিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এমন ইচ্ছায় স্বজনদের আপত্তি সত্ত্বেও তিনি একাকী জীবন বেছে নিয়ে সিরাজগঞ্জে চলে গিয়েছিলেন তিনি।
যমুনা নদীর ভাঙনে ভিটা মাটি হারিয়ে ১৯৯৬ সালের পর থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছিলেন তিনি। তখন থেকেই ছোট একটি কুঁড়েঘরে বসবাস শুরু করেন তিনি।
২০১৩ সালের বিজয় দিবসের আগে সংবাদ সংগ্রহের জন্য একদল সাংবাদিক তার কাছে যান।
সাংবাদিকদের কাছে এই অভিমানী কণ্ঠশিল্পী জীবনের শেষ অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, “ইচ্ছে করে অন্তরে পুষে রাখা কথাগুলো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতেই বলব, তিনি যদি আমার প্রতি সদয় হন।”
শেষ আশাটি পূরণ হওয়ার আগেই নিভে গেল এই কণ্ঠযোদ্ধার জীবন প্রদীপ।
