কর্ণাই ব্যর্থতার দায় স্বীকার প্রশাসনের
দিনাজপুর সদর উপজেলার কর্ণাই গ্রামে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রশাসনের ব্যর্থতার দায় স্বীকার করেছে প্রশাসন।
সোমবার দুপুরে কর্ণাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশে বক্তব্য দেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
কর্নাই গ্রামে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এই সমাবেশ আয়োজন করে।
পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন তার বক্তব্যে বলেন, “দিনাজপুরের কর্ণাই গ্রামে নির্বাচন সহিংসতার শিকার আওয়ামী লীগ সমর্থক ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ঘটনায় প্রশাসনিকভাবে ব্যর্থতার দায়ভার স্বীকার করছি।”
হামলার দিন আন্তরিকতার অভাব ছিল না, সেদিন সার্বিক ব্যবস্থা ছিল নির্বাচন সম্পন্ন করার জন্য।
“তবে, হামলার কথা জানার পরপরই আমরা এখানে দ্রুত চলে এসেছি।”
তিনি ঘোষণা দেন, এলাকাবাসী যতদিন চাইবে ততদিন সেখানে পুলিশ ক্যাম্প থাকবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফজলে কাদের আহমেদ, দিনাজপুর চেম্বারের সভাপতি রফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোত্স্না, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউর রহমান রেজু, সেক্টর কমান্ডারস ফোরামের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী তার বক্তব্যে বলেন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সমাজ ও রাষ্ট্র বিরোধীদের প্রতিরোধ করা সম্ভব নয়। এর জন্য সমাজের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবেই এদের প্রতিরোধ করতে হবে।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফজলে কাদের আহমেদ বলেন, “সেদিন সময়মতো আমরা না আসলে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারত।”
ক্ষতিগ্রস্ত দোকান-পাট বিজিবি নিজ উদ্যোগে সংস্কার করে দিচ্ছে বলেও জানান তিনি।
