২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারে থেকেও বিরোধিতা করা যায়: আনিসুল

দশম জাতীয় সংসদে জাতীয় পার্টি বিরোধী দল হলেও মন্ত্রিসভায় যোগ দিয়ে সরকারের সমালোচনা করাতে কোনো সমস্যা দেখছেন না দলের অন্যতম শীর্ষ নেতা আনিসুল ইসলাম মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 08:48 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য নতুন সরকারের পানিসম্পদমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সোমবার সচিবালয়ে তার কার্যালয়ে এই কথা বলেন।

আনিসুল সাংবাদিকদের বলেন, “আমরা সংসদে থেকেই সরকারের গঠনমূলক সমালোচনা করতে চাই।”

অনেক দেশেই জাতীয় ঐক্যমত্যের সরকার হয় উল্লেখ করে তিনি বলেন, “যারা সরকারি দলের সদস্য আছেন তারাও কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে।

“আপনারা দেখবেন সরকারের বিরুদ্ধে কথাগুলো ‘মেইনলি’ সরকারি দল থেকেই (স্থায়ী কমিটি) আসে। সরকারে থাকলেই যে বিরোধিতা করা যাবে না তা আমি বিশ্বাস করি না।”

এসময় একইসঙ্গে সরকার ও বিরোধী দলের থাকার বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেন আনিসুল ইসলাম।

তিনি বলেন, “আমরা সংসদে থেকে কার্যকর ভূমিকা রাখতে চাই, গঠনমূলক বিরোধিতা করতে চাই এবং সরকারের গঠনমূলক সমালোচনা করতে চাই।”

নতুন সরকারের মেয়াদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যখন এপ্রশ্ন আসবে তখন দেখা যাবে। এই প্রসঙ্গ আসলে মন্ত্রিসভায় আলোচনা হবে, আমরাওতো তখন সরকারে থাকব।”

ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায় করাকেই মূল চ্যালেঞ্জ হিসাবে দেখছেন সর্বদলীয় সরকারের সময় একই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রী।

একইসঙ্গে বন্যা নিয়ন্ত্রণেও কাজ করার আশা প্রকাশ করেছেন তিনি।