চবিতে পাঁচ দশকে ১৭ খুন, বিচার হয়নি একটিরও
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাঁচ দশকে ক্যাম্পাসে রাজনৈতিক সহিংসতায় ১৭ জন নিহত হলেও কোনোটিরই বিচার হয়নি।
এইসব হত্যাকাণ্ডসহ সহিংসতা ও সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বরাবর তদন্ত কমিটি করা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখে না।
রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে এক শিবিরনেতা নিহতের ঘটনায়ও একটি কমিটি করা হলেও প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়নি।
দ্রুত সময়ের মধ্যে এই প্রতিবেদন দিতে বললেও আদৌ তা আলোর মুখ দেখবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
রাজনৈতিক হস্তক্ষেপ, আইনশৃঙ্খলার বাহিনীর অসামর্থ্য ও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবের কারণে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না বলে মনে করেন অতীতে বিভিন্ন তদন্ত কমিটির সঙ্গে সংশ্লিষ্টরা।
এই সমস্ত হত্যাকাণ্ডের বেশিরভাগই ঘটেছে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের হাতে।
১৯৮৩ সালে জাতীয় ছাত্র সমাজের কর্মী হামিদের হাত কেটে চবি ক্যাম্পাসে সহিংসতা শুরু করে শিবির।
১৯৮৮ সালের এপ্রিলে শিবিরকর্মীদের হামলায় নিহত হয় পরিসংখ্যান বিভাগ দ্বিতীয় বর্ষের ছাত্র আমিনুল ইসলাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ছাত্রলীগকর্মীদের রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ছবি: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
১৯৯০ সালের ২৩ ডিসেম্বর স্বৈরাচার পতনের পর ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকদের আনন্দ মিছিলে শিবিরের হামলায় নিহত হন ছাত্র মৈত্রীর নেতা ফারুকুজ্জামান ফারুক। আহত হন তৎকালীন উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিনসহ অনেক শিক্ষক-শিক্ষার্থী।
১৯৯৪ সালের ২৭ অক্টোবর শিবিরের হামলায় আহত হয়ে ৯ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও চবির ইতিহাস বিভাগের শিক্ষক (পরবর্তীতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য) অধ্যাপক এনামুল হকের ছেলে নুরুল হুদা মুছা।
১৯৯৭ সালে ক্যাম্পাসের মোজাম্মেল কটেজে ও পরের বছরের ৬ মে শাহ আমানত হলে শিবিরের হামলায় নিহত হয় দুই ভর্তি পরীক্ষার্থী আমিনুল ইসলাম বকুল ও আইয়ূব আলী। অবশ্য ছাত্রলীগ ও শিবির নিহত দুজনকে তাদের কর্মী বলে দাবি করেছে।
১৯৯৮ সালের ১৮ মে নগরীর বালুচরা এলাকায় শিবিরের সন্ত্রাসীরা গুলি চালায় শিক্ষক-ছাত্র বহনকারী বাসে। গুলিতে নিহত হন চবি শিক্ষক আহমদ নবীর ছেলে ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) শিক্ষার্থী মুশফিক সালেহীন।
একই বছরের ২০ অগাস্ট চট্টগ্রাম বটতলী পুরাতন রেল স্টেশনের শিবিরকর্মীদের হামলায় গুরুতর হয়ে ২২ অগাস্ট চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান চারুকলা বিভাগের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন কর্মী সঞ্জয় তলাপাত্র।
এদিকে ছাত্রলীগ কর্মীদের হামলায় ১৯৯৯ সালের ১৫ মে জোবায়ের এবং একই বছরের ১৯ ডিসেম্বর নিহত হয় রহীমুদ্দিন ও মাহমুদুল হাসান নামে শিবিরের তিন নেতা।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর ২৯ ডিসেম্বর হাটহাজারীর ছড়ারকূল এলাকায় শিবিরের হামলায় চবি ছাত্রলীগের তৎকালীন জ্যেষ্ঠ সহ-সভাপতি আলী মতুর্জা চৌধুরী নিহত হন।
এর বাইরেও ক্যাম্পাসে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে, যা নিয়ে মামলার পাশাপাশি প্রশাসন তদন্ত কমিটিও গঠন করে। কিন্তু কোনো প্রতিবেদনও প্রকাশ হয়নি এবং দোষীদের কোনো শাস্তিও হয়নি।
এসব হত্যাকাণ্ডের কোনো সুরাহা না হওয়ার জন্য প্রশাসনের ‘নতজানু’ মনোভাবকে দায়ী করেছেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক গাজী সালেহ উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুই দশকের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচিত উপাচার্য নেই। দলীয় আনুগত্য নিয়ে নিয়োগ পাওয়া উপাচার্যের পক্ষে এসব সহিংসতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া খুবই কঠিন।”
সালেহ উদ্দিন আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যারা দায়িত্ব পালন করেন তাদের কোথাও জবাবদিহিতা করতে হয় না। দায়িত্ব শেষ হলেই তাদের ‘দায়মুক্তি’ হয়। এ কারণেই তারা কোন ব্যবস্থা নেন না।
রোববার চবি ক্যাম্পাসে শিবির ছাত্রলীগের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় করা তদন্ত কমিটির প্রতিবেদন নিয়েও সংশয় রয়েছে তার।
তিনি বলেন, “বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচিত সিন্ডিকেট সদস্য নেই। তাই প্রতিবেদন সিন্ডিকেটে ওঠে কিনা তা নিয়েও সংশয় রয়েছে।”
২০১০ সালের ১১ ফেব্রুয়ারি নগরীর ষোলশহর রেল স্টেশনে দুষ্কৃতিকারীদের হাতে নিহত হয় মহিউদ্দিন মাসুম এবং ২৯ মার্চ ফতেয়াবাদ এলাকায় রেল লাইনের পাশে হারুনর রশিদ নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ।
এছাড়া একই বছরের ১৫ এপ্রিল রাতে ক্যাম্পাসে নববর্ষের অনুষ্ঠান চলাকালে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন চত্বরে গ্রামবাসীর হামলায় নিহত হয় আসাদুল ইসলাম নামে এক ছাত্রলীগ কর্মী।
২০১২ সালের ৮ ফেব্রুয়ারি শিবির-ছাত্রলীগ সংঘর্ষে নিহত হয় দুইজন।
আসাদুল ইসলামের হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক আল-আমীনকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়।
এসব তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়িত হয় না উল্লেখ করে তিনি বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত কমিটি নির্দিষ্ট কিছু সুপারিশ করে থাকে। এসব সুপারিশ প্রয়োগ করা হলে এ ধরনের পরিস্থিতি ও কর্মকাণ্ড অনেকটা কমে যায়।”
এছাড়া এ ধরনের সুপারিশগুলো বাস্তবায়ন করা হলে রাজনীতিও অনেকটা পরিশুদ্ধ হয় বলে মনে করেন তিনি।
সুপারিশ প্রয়োগ না হওয়ার ব্যাপারে রাজনৈতিক চাপ, ঘটনার সঙ্গে জড়িতদের প্রশাসনের ওপর প্রভাব ও শৃঙ্খলার কাজে জড়িতদের অসামর্থ্যতাকে দায়ী বলে মনে করেন আল-আমীন।
