চালককে খুন করে অটোরিকশা ছিনতাই
গাজীপুরে চালককে গলাকেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে সদর উপজেলার নস্করচালা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়দেবপুর থানাধীন চক্রবর্তী ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন।
রাতেই ছিনতাই করা অটোরিকশা বিক্রি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন আলম (২৯) নামে ছিনতাইকারী চক্রের এক সদস্য।
তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে নিহত চালক সারা মিয়ার (৩০) লাশ উদ্ধার করে পুলিশ।
সারা মিয়া মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কাঞ্চনপুর এলাকার চান মিয়ার ছেলে।
এসআই আনোয়ার বলেন, কালিয়াকৈরের মৌচাক বাজার থেকে রোববার রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশাটি ভাড়া করে জিরানী রওনা হয়।
“পথে নস্করচালা এলাকায় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে অটোরিকশা থামিয়ে সারা মিয়াকে পাশের গজারী বনে নিয়ে গলাকেটে হত্যা করে। তারপর তারা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
রাতেই ছিনতাইচক্রের সদস্য আলম চান্দনা চৌরাস্তায় একটি দোকানে অটোরিকশাটি বিক্রি করতে যায়। এ সময় দোকান মালিকের সন্দেহ হলে তিনি আলমকে আটক রেখে অটোরিকশায় গায়ে লেখা মোবাইল নম্বরে ফোন করে জানতে পারেন চালক ও গাড়ি নিখোঁজ আছে।
পরে আলমকে পিটুনি দিয়ে রাত ২টার দিকে পুলিশে সোপর্দ করা হয় বলে এসআই আনোয়ার জানান।
তিনি বলেন, আলমের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ সোমবার সকালে গজারী বন থেকে সারা মিয়ার লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
