কুয়াশায় সেতু ছেড়ে ট্রাক খালে, চালকের মৃত্যু
দিনাজপুরে ঘন কুয়াশার কারণে একটি ট্রাক সেতুর রেলিং ভেঙে খালে পড়ে চালক নিহত হয়েছেন।
সোমবার ভোরে দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার দরবারপুরে এই দুর্ঘটনা ঘটে বলে কোতয়ালি থানার ওসি আলতাফ হোসেন জানান।
নিহত চালক তারাচাঁনের (৪২) বাড়ি চুয়াডাঙ্গার সদর উপজেলার দৌলতদিয়া গ্রামে।
চালকের সহকারী রাসেলের বরাত দিয়ে ওসি আলতাফ জানান, ভোর ৬টার দিকে চুয়াডাঙ্গা থেকে ট্রাকটি পাথর আনতে পঞ্চগড় যাচ্ছিল।
“দরবারপুরে পৌঁছার পর ঘন কুয়াশার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে খালে পড়ে যায়।”
রাসেল ও ট্রাকের আরোহী হামিদুল পানি থেকে উঠে আসতে পারলেও চালক তারা চান ট্রাকের ভিতরে আটকা পড়েন।
সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।
তারা চানের পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
