স্বাভাবিকতায় ফিরছে কর্ণাই গ্রাম
ক্ষতিগ্রস্তদের হতাশার মধ্যেও প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহায়তায় স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে নির্বাচন সহিংসতার শিকার দিনাজপুরের কর্ণাই গ্রাম।
রাজনৈতিক হিংসার আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর মেরামতও শুরু করেছেন অনেকে। তবে ক্ষতিগ্রস্ত অধিকাংশ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রয়ে গেছে আগের মতোই।
গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের পর দেশের যে কয়েকটি স্থানে হিন্দুদের উপর হামলা হয়েছে, তার একটি দিনাজপুর সদর উপজেলার কর্ণাই গ্রাম।
ভোটের রাতেই এ গ্রামে হিন্দু সম্প্রদায়ের শতাধিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। সাহাপাড়া, প্রিতমপাড়া, প্রফুল্লপাড়া, তেলীপাড়া, বৈদ্যপাড়া, হাজীপাড়া ও অজয়পাড়ায় প্রায় তিন ঘণ্টা ধরে চলে সেই তাণ্ডব।
হিন্দুপ্রধান এই গ্রামে দুর্বৃত্তদের হামলার পর ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন বাসিন্দারা।
ঘটনার পরপরই প্রশাসনের পাশাপাশি বিভিন্ন বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠন কর্ণাইয়ের ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাঠে নামে। এখনও খাবার ও শীতবস্ত্র বিতরণ করছে তারা।
এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে ঘটনার পর। পাশাপাশি বিজিবির টহলও চলছে।
ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার বিষয়টি দেখভাল করছেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোৎস্না।
কর্ণাই গ্রাম স্বাভাবিবক অবস্থায় ফিরছে জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশি ক্ষতিগ্রস্ত ২টি বাড়ি ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বান করে ঢেউ টিন এবং তিন হাজার করে টাকা দেয়া হয়েছে।
ঢেউটিন ও টাকা পেয়েছেন ক্ষতিগ্রস্ত দুই বাসিন্দা পারুল ও সন্তোষ।
তারা বললেন, সবাই পাশে থাকায় আতংক কেটে গেছে। স্বজনরাও আসছে খোঁজ-খবর নিতে। পুরুষরা মাঠে কাজে যাচ্ছে।
তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরো কয়েকদিন লাগবে বলে জানান তারা।
সহায়তা পেলেও এখনো দোকান সংস্কারের কাজে হাত দেননি সুলতান ও কৈলাশ।
তারা বলেন, আসলে মনটাই ভেঙে গেছে। মন একটু ভল হলেই দোকান ঠিক করার কাজে হাত দেবেন।
বিশিষ্ট নাগরিকদের মধ্যে অনেকেই আসছেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে। শুক্রবার বিকালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রশিকিউসন টিমের সদস্য ব্যারিস্টার তুরিন আফরোজ কর্ণাই গ্রাম ঘুরে গেছেন।
পরদিন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফসহ জোটের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছে।
