২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশমন্ত্রী মঞ্জু, নাসিম স্বাস্থ্যে, আইনে আনিসুল

শেখ হাসিনার নতুন সরকারে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তার সঙ্গে ১৯৯৬ সালের সরকারে থাকা মোহাম্মদ নাসিম হলেন স্বাস্থ্যমন্ত্রী।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 05:26 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

মন্ত্রিসভায় যারা

নতুন সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পেলেন এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়া অ্যাডভোকেট আনিসুল হক, যিনি বঙ্গবন্ধু হত্যা মামলার গুরু দায়িত্ব সামলে এসেছেন।

রোববার বঙ্গভবনে নতুন সরকারের শপথ অনুষ্ঠানের পর মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন প্রকাশ করে।

তৃতীয়বার দেশের সরকার প্রধানের দায়িত্ব নেয়া শেখ হাসিনা এবার ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী নিয়ে নতুন সরকারের যাত্রা শুরু করেছেন।

অন্তত ২৩ জন নতুন মুখকে নিয়ে গঠিত এই সরকারে প্রবীণ কয়েকজন নেতাকেও ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা। জাতীয় পার্টির তিনজন, ওয়ার্কার্স পার্টির একজন এবং জাসদের একজনও স্থান পেয়েছেন নতুন সরকারে।

হাসিনার গত সরকারে বাদ পড়ার পর নির্বাচনকালীন সরকারে আসা আমির হোসেন আমু শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তার মতোই মন্ত্রিসভায় ফিরে আসা তোফায়েল আহমেদ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়।

হাসিনার ১৯৯৬ সালের সরকারের বিমানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

ওই সরকারের প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবার পূর্ণ মন্ত্রী হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সামলাবেন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নুর হয়েছেন সংস্কৃতিমন্ত্রী। পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)।

জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ তার এখনকার দপ্তর পানিসম্পদ মন্ত্রণালয়েই থাকছেন। তথ্যমন্ত্রীর দায়িত্বে থাকা জাসদ সভাপতি হাসানুল হক ইনু আগের ঠিকানাতেই রয়েছেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবার পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

ময়মনসিংহের প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মতিউর রহমান ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। কয়েকবারের মন্ত্রী মতিউর এবার ময়মনসিংহ সদর আসনটি জাতীয় পার্টির রওশন এরশাদকে ছেড়ে দিয়েছিলেন।

পাবনার প্রবীণ নেতা শামসুর রহমান শরীফ ডিলু হয়েছেন ভূমিমন্ত্রী। তাদের মতোই প্রবীণ নেতা ব্রাহ্মণবাড়িয়ার ছায়েদুল হক পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আগের সরকারের যারা এবারের মন্ত্রিসভায়ও স্থান পেয়েছেন, তাদের অধিকাংশের দপ্তর আগেরটিই রয়েছে।

তবে এবার পূর্ণমন্ত্রী হওয়া কামরুল ইসলামের দপ্তর বদল হয়েছে। সাবেক আইন প্রতিমন্ত্রী এখন খাদ্য মন্ত্রণালয়ের মূল দায়িত্ব পালন করবেন।

প্রতিমন্ত্রী থেকে এবার পূর্ণ মন্ত্রী হওয়া মোস্তাফিজুর রহমান ফিজার পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।

গত সরকারের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে এবার দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন তিনি।

আগর মতোই আবুল মাল আবদুল মুহিত অর্থ, মতিয়া চৌধুরী কৃষি, সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকার, নুরুল ইসলাম নাহিদ শিক্ষা, ওবায়দুল কাদের যোগাযোগ, মুজিবুল হক রেল, শাজাহান খান নৌ পরিবহন, খোন্দকার মোশাররফ হোসেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে থাকছেন।

নতুন করে মন্ত্রিসভায় আসা গাজীপুরের আ ক ম মোজাম্মেল পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। বস্ত্র ও পাটমন্ত্রী হয়েছেন নওগাঁর ইমাজউদ্দিন প্রামানিক। মৌলভীবাজারের সৈয়দ মহসিন আলী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

প্রতিমন্ত্রীদের মধ্যে নতুন মুখ ঢাকার তেজগাঁও আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ে মুহিতের সঙ্গে এবার প্রতিমন্ত্রী হিসেবে কাজ করবেন সাবেক আমলা সুনামগঞ্জের এম এ মান্নান।  পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন রাজশাহীর শাহরিয়ার আলম।

এছাড়া মির্জা আজম বস্ত্র ‍ও পাট, বীর বাহাদুর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, নারায়ণ চন্দ্র চন্দ মৎস্য ও প্রাণিসম্পদ, বীরেন শিকদার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নসরুল হামিদ বিপু বিদ্যুৎ, জুনায়েদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

আওয়ামী লীগের প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমি, এএইচএসকে সাদেকের স্ত্রী ইসমাত আরা সাদেক প্রাথমিক ও গণশিক্ষা, অবসরপ্রাপ্ত কর্নেল মালেকের ছেলে জাহিদ মালেক স্বপন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির মো. মুজিবুল হক চুন্নু আগের মতোই শ্রম মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া মশিউর রহমান রাঙ্গা দপ্তর পেয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।

আগের সরকারের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে, মেহের আফরোজ চুমকি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং  প্রমোদ মানকিন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

নতুন সরকারে দুজনকে উপমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যে ভোলার সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে পানিসম্পদ মন্ত্রণালয়ে দেয়া হয়েছে। ফুটবলার আরিফ খান জয় হয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে থাকছে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ।

এছাড়া যেসব মন্ত্রণালয়ে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেই, সে সব মন্ত্রণালয় ও বিভাগও প্রধানমন্ত্রীর অধীনে থাকবে।