সিরাজগঞ্জে হাতবোমা হামলা, ভূমি কর্মকতা আহত
সিরাজগঞ্জ সদরে অবরোধকারীদের হাতবোমা হামলার পর অটোরিকশা উল্টে এক উপ-সহকারী ভূমি কর্মকতা আহত হয়েছেন।
রোববার সকালে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের পলিটেকনিক ইন্সটিটিউটের কাছে এ হামলায় আহত এনামুল হক (৩৫) সদরের বাগবাটি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা।
আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থলের আশপাশ থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাসান আলী জানান, সকালে শহরের মাছুমপুর থেকে সিএনজিচালিত আটোরিকশায় নিজ কর্মস্থল বাগবাটি ইউনিয়ন ভূমি অফিসে যাচ্ছিলেন তিনি।
পলিটেকনিক ইন্সটিটিউটের কাছে পৌঁছলে পিকেটাররা অটোরিকশা লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি রাস্তার পাশে উল্টে যায়।
উদ্ধারের পর এনামুলকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুরে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়।
হাসান আলী আরো বলেন, বোমার আঘাতে এনামুলের শরীরের কয়েকটি স্থান ঝলছে গেছে। অটোরিকশা উল্টে যাওয়ায় ডান হাত ভেঙে গেছে।
সদর থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান জানান, অটোরিকশায় হাতবোমা হামলার পর দুপুরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করা হয়েছে।
এরা হলেন সাদ্দাম (২২), লিখন (২০), ইসমাইল হোসেন (২৫), হাফিজুর রহমান (২৭), শরিফুল ইসলাম (২৭), সোবাহান আলী (২২), নুর-আমিন (২০), সোহাগ হাসান (১৮), আবু তালেব (২০), ইমরান (১৮), শুভ (২৬), রোকন (২৮) ও রুবেল (২০)।
