সাতক্ষীরা সীমান্তে ছয় নারী উদ্ধার
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ছয় নারীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, পাচারকারীদের কাউকে আটক করা যায়নি।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কে এম ইমাম আহসান জানান, রোববার ভোরে সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে উদ্ধারের পর তাদের সাতক্ষীরা সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এরা হলেন রিক্তা বেগম (২৩), সুরমা বেগম (১৮), তানিয়া খাতুন (১৮), সূবর্ণ বেগম (২১),
শিমু ওরফে সীমা আক্তার (১৭) ও পরশী খাতুন (২২)।
এদের মধ্যে চারজনের বাড়ি রাজধানীর বিভিন্ন এলাকায়। বাকি দুজন ভোলা ও নাটোরের বাসিন্দা। ছয়জনই ঢাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক।
ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেযে ওই সীমান্তে অভিযান চালান ভোমরা বিওপির একদল জওয়ান। বিজিবির উপস্থিতি টের পেয়ে নারীদের ফেলে পাচারকারীরা পালিয়ে যায়।
সদর থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদেরকে একটি পাচারকারী চক্র ভালো বেতনে ভারতের গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে সাতক্ষীরা সীমান্তে নিয়ে আসে বলে তারা জানিয়েছে।
