২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভায় নতুনের ছড়াছড়ি

শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় যাদের জায়গা হয়েছে তাদের মধ্যে ২৭ জন মহজোটের বিগত সরকারে ছিলেন না।

শামীম আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 02:31 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

আর এর মধ্যে ২৩ জন এবারই প্রথম সরকারের দায়িত্ব পেলেন।

১৯৯৬ সালের মন্ত্রিসভায় মন্ত্রীর দায়িত্বে থাকা চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু আবারো সরকারে এসেছেন।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মো. নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকেও এবার মন্ত্রী হিসাবে সরকারে ফিরিয়েছেন শেখ হাসিনা।

মন্ত্রী পদে চমক হিসাবে এসেছেন আইনজীবী আনিসুল হক, আসাদুজ্জামান নূর। এছাড়া মো. ছায়েদুল হক, সৈয়দ মহসিন আলী,  শামসুর রহমান শরীফ ডিলু ও  অধ্যক্ষ মতিউর রহমানও প্রথমবারের মতো শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভায়।

গত সরকারের প্রতিমন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার এবার পূর্ণ মন্ত্রী হয়েছেন। আগের সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ইয়াফেস ওসমান ও মেহের আফরোজ চুমকি নির্বাচনকালীন সরকার থেকে বাদ পড়লেও নতুন সরকারে আবারো একই পদে ফিরেছেন।

আর যারা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির মো. মুজিবুল হক চুন্নু ও মশিউর রহমান রাঙ্গা, আওয়ামী লীগের এম এ মান্নান, মির্জা আজম, প্রমোদ মানকিন, বীর বাহাদুর, নারায়ণ চন্দ্র চন্দ, বীরেন শিকদার, আসাদুজ্জামান খান কামাল, ইসমত আরা সাদেক, শাহরিয়ার আলম, জাহিদ মালেক স্বপন, নসরুল হামিদ বিপু, জুনায়েদ আহমেদ পলক ও প্রয়াত আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

সাবেক ফুটবলার আরিফ খান জয় প্রথমবারের মতো সংসদে এসেই পেয়েছেন উপমন্ত্রীর দায়িত্ব। একই পদ পেয়েছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

সাড়ে ৩টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ৪৮ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ পড়ান।

নতুন মন্ত্রিসভায় জাতীয় পার্টির সদস্য রয়েছেন তিনজন; ওয়ার্কার্স পার্টি, জাসদ ও জেপির একজন করে। বাকি সবাই আওয়ামী লীগের।