‘যুক্তরাষ্ট্রে ভোট পড়ে সর্বোচ্চ ৪৫ ভাগ’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৪৫ শতাংশের বেশি ভোট পড়ে না বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
দশম জাতীয় সংসদ নির্বাচনে কম ভোটার উপস্থিতি প্রসঙ্গে শনিবার গাজীপুরে তিনি সাংবাদিকদের বলেন, আমেরিকা পৃথিবীর একটি শক্তিশালী দেশ। সেখানকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে কি ৪০ থেকে ৪৫ শতাংশ ভোট পড়ে?
“সেখানে আমাদের এ নির্বাচনে ৪০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। এটা কি খুব খারাপ অর্জন?”
বিএনপি নির্বাচনে এলে এ হার আরো বাড়ত। নির্বাচন আরো জমত, হতো উৎসবমুখর, বলেন কাদের।
যুক্তরাষ্ট্র এ দেশের সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও কখনোই নির্বাচন বাতিল করার কথা বলেনি বলে জানান এ আওয়ামী লীগ নেতা।
সকালে মন্ত্রী টঙ্গীর ইজতেমার ময়দানের পাশে কামারপাড়া সড়কে নির্মাণ কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি বলেন, আগামী ২৪ জানয়ারি বিশ্ব ইজতেমার প্রথম দফা এবং ৩১ জানুয়ারি দ্বিতীয় দফা শুরু হবে।
এ ইজতেমা উপলক্ষে মুসল্লিদের চলাচল নির্বিঘ্ন করতে বিভিন্ন রুটে তিনশ’ বিআরটিসি বাস চলাচল করবে বলে তিনি জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, বিআরটিসির পরিচালক কর্নেল আব্দুল্লাহ হিল করিম, নিখিল রঞ্জন রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোহসীন, সড়ক ও জনপথের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন আহম্মদ, বিশ্বইজতেমার মুরুব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হক প্রমুখ।
