২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় মাওয়ায় পারাপার ব্যাহত

ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 12:33 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শনিবার সকাল সাড়ে ৭টায় ফেরি চালু হওয়ার আগে মধ্যরাত থেকে টানা সাত ঘণ্টা পারাপার বন্ধ ছিল বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘন কুয়াশার কারণে  দিক নির্দেশক বাতি-বয়া কিছুই দেখা যাচ্ছিল না। তাই রাত ১২টার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল।”

দুর্ঘটনা এড়াতে এই সময় ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ মখদুম ও বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর, কলমীলতা, কনকচাঁপা, কাকলী, রামশ্রী, রায়পুরা, রানীগঞ্জ, রানীক্ষেত, থোবাল, টাপলু, লেন্টিংসহ ১৩টি ফেরি মাঝ পদ্মায় নোঙ্গর করে। কুয়াশা কেটে যাবার পর ফেরিগুলো ঘাটের উদ্দেশে আবার যাত্রা করে।

দীর্ঘ সময় ধরে ফেরি সার্ভিস বন্ধ থাকার কারণে দুই পাড়ে যানবাহনের জট সৃষ্টি হয়েছে। নদীর উভয় প্রান্তে ছয় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।