২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ দিন পর লাশ উদ্ধার, শ্বশুরবাড়িতে আগুন

লক্ষ্মীপুর সদরে নিখোঁজ হওয়ার ১৩ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 09:55 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শুক্রবার সদর উপজেলার দিঘলী ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের  সওদাগর বাড়ির (শ্বশুরবাড়ি) পুকুরে মো. দুলাল হোসেনের লাশ পাওয়া যায়।

দুলালের হত্যায় জড়িত অভিযোগে এলাকার লোকজন দুলালের দ্বিতীয় স্ত্রী পারুল বেগমের বাবার বাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং পারুল বেগমকে আটক করে পুলিশে দিয়েছে।

দুলাল সদর উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের প্রয়াত কোরবান আলীর ছেলে।

লক্ষ্মীপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, সিএনজি অটোরিকশা চালক দুলাল পাঁচ সন্তানের জনক। প্রথম স্ত্রী থাকা অবস্থাতেই তিনি সানকিভাঙ্গা গ্রামের সওদাগর বাড়ির পারুল বেগমকে তিন মাস আগে বিয়ে করেন।

এরপর থেকে পারিবারিক কলহ চলে আসছিল তাদের। এর জের ধরে গত ২৯ ডিসেম্বর তিনি নিখোঁজ হন।

এ ঘটনায় সদর থানায় তার দুই স্ত্রী পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, শুক্রবার ভোরে পারুল বেগমের বসত ঘর সংলগ্ন পুকুরে এক প্রতিবেশী বস্তাবন্দি লাশ দেখে চিৎকার দেন। এ সময় এলাকাবাসী  দুলালের লাশ  সনাক্ত করে পুলিশে খবর দেয়।

পুলিশ আসার আগেই দুলালকে হত্যার অভিযোগে বিক্ষুব্ধ জনতা পারুলের বসত ঘর ও রান্নাঘর জ্বালিয়ে দেয়। এসময় পারুল বেগম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

দুলালের ১ম স্ত্রী মাজিয়া বেগম তার স্বামী হত্যার ঘটনায় পারুলকে দায়ী করেন।