২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাক নিয়ন্ত্রণে রাজধানীতে শোভাযাত্রা

সংসদে সম্প্রতি পাস হওয়া ‘তামাক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৩’  সম্পর্কে জনগণকে জানাতে এবং তা বাস্তবায়নে রাজধানীতে প্রচারমূলক শোভাযাত্রা করেছে স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 09:11 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শুক্রবার সকালে শাহবাগ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

প্রজ্ঞা সংশ্লিষ্টরা জানান,  নতুন এই আইনের ধারায় কী আছে তা অধিকাংশ মানুষই জানেন না। এই জন্যই এই উদ্যোগ।

আইনের গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা সাধারণ মানুষ অবগত হলে তামাক ব্যবহারকারী এবং বিক্রেতা অনেকাংশ কমে আসবে বলে মনে করছে সংগঠনটি।

প্রজ্ঞার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে তামাক (সিগারেট,  বিড়ি,  জর্দা,  গুল) গ্রহণকারীর সংখ্যা চার কোটি। এরমধ্যে নারীদের তামাক গ্রহণের হার শতকরা ২৯ ভাগ। ধোঁয়াবিহীন তামাক ব্যবহারে পূরুষের চেয়ে নারীরা এগিয়ে।

আর ধূমপানের মাধ্যমে তামাক ব্যবহারকারীর সংখ্যা প্রায় দুই কোটি ১৯ লাখ। এরমধ্যে নারীর সংখ্যা সাত লাখ।

বিক্রয়স্থলে তামাকজাত পণ্যের যেকোন উপায়ে বিজ্ঞাপন ও প্রচার করলে এক লাখ টাকা জরিমানা তিনমাসের কারাদণ্ড বা উভয় দণ্ডেরই বিধান রাখা হয়েছে আইনে।

এছাড়া ১৮ বছরের নিচে কারো কাছে বা দ্বারা যে কোন প্রকার তামাকজাত দ্রব্য বিক্রয় করলে পাঁচ হাজার টাকা জরিমানার বিধানও রয়েছে।

এসব আইন সাধারণ জনসাধারণ,  ব্যবহারকারী, বিক্রেতা এবং  আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোই শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রজ্ঞা।

ক্যাম্পেইন ফর টোবাক্যো ফ্রি কিডস (সিটিএফকে) এবং ব্লুমবার্গ ফিলানথ্রোপিসের সহায়তায় শোভাযাত্রায় তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ),  ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোবাক্যো (উফাত), অ্যান্টি টোবাক্যো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা), ঢাকা আহসানিয়া মিশন,  অধীর ফাউন্ডেশন,  মিডিয়া মিউজিয়াম এবং ইসি বাংলাদেশ অংশ নেয়।