সংখ্যালঘুর উপর হামলায় জেলায় জেলায় প্রতিবাদ
দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মুখর হয়েছে বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার মানুষ।
নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং পরে দিনাজপুর, ঠাকুরগাঁও, মাগুরা, জামালপুর, জয়পুরহাট, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থক ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতনের ঘটনা ঘটে।
গত বুধবার যশোরের মনিরামপুরে ঋষিপল্লীতে দুই হিন্দু গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
দিন্জাপুরে মহিলা পরিষদের মানববন্ধন
দিনাজপুরের কর্নাই গ্রামে আওয়ামী লীগ সমর্থক ও হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ এবং অপরাধীদের শাস্তির দাবিতে জেলা মহিলা পরিষদ মানববন্ধন করেছে।
দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বেলা ১১টায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা সংখ্যালুঘুদের জানমালের নিরাপত্তা প্রদানে সরকারের ব্যর্থতার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এতে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান, সাধারণ সম্পাদক মারুফা বেগম ফেন্সী, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিমল চক্রবর্তী প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় সেচছাসেবক লীগের মানবন্ধন
দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে মানবন্ধন করেছে জেলা সেচছাসেবক লীগ।
জেলা সেচছাসেবক লীগের সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌর চেয়ারম্যান হেলালউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আআমনউল হক সেন্টু, জেলা নাগরিক কমিটির সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ।
বক্তারা সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ, বিচার বিভাগীয় তদন্ত ও বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
সিরাজগঞ্জে উদীচীর মানববন্ধন
শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ে উদীচী কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী।
মানবন্ধনে উদীচী কর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চন্দ্র দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, উদীচীর সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম লিমন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সাম্প্রায়িক সহিংসতা রুখতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কক্সবাজারে সাংস্কৃতিক জোটের মানববন্ধন
শুক্রবার বিকাল ৪টায় কক্সবাজারের পৌরসভা কার্যালয়ের সমানে মানববন্ধনে কক্সবাজারের সম্মিলিত সাংস্কৃতিক জোটভুক্ত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারসহ হামলার বিচারের দাবি জানান।
সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠণের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলাম, সংগঠক অ্যাডভোকেট তাপস রক্ষিত, অ্যাডভোকেট ফরিদুল আলম, আবুল কাসেম প্রমুখ।
মাগুরায় উদীচীর মানববন্ধন
উদীচী শিল্পী গোষ্ঠী শুক্রবার বিকালে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের খান পাড়া বটতলায় মানববন্ধন করেছে।
এ মানববন্ধনে উদীচী নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, গণ জাগরণ মঞ্চ, কণ্ঠবীথি, ছাত্রলীগ, মহিলা পরিষদ, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, নিতাই গৌর গোপাল সেবাশ্রম, সমকাল সুহৃদ সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা যশোরের অভয়নগরের মালোপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন নিপীড়নকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার আদালতে বিচারের দাবি জানান।
জেলা উদীচী সভাপতি বিকাশ মজুমদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলী, গোলাম মওলা মোল্যা, বাসুদেব কুন্ডু, মিয়া ওয়াহিদ কামাল বাবলু, খান মাজহারুল হক লিপু, ডা. কাজী তারিফুজ্জামান, পার্থ বিশ্বাস, অ্যাডভোকেট মোখলেসুর রহমান, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।
নেত্রকোণায় মানববন্ধন ও বিক্ষোভ
বিকালে মহিলা পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
বিকাল ৪টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্য, জেলা মহিলা পরিষদের সম্পাদক রেহেনা সিদ্দিকী, জেলা উদীচীর সম্পাদক নিলম বিশ্বাস রাতুল প্রমুখ।
এছাড়া জেলা ছাত্র ইউনিয়ন বিকালে সাতপাই এলাকার সংগঠনের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পঞ্চগড়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন
বিকালে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ, গণজাগরণ মঞ্চ, জাসদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবাদ সভায় দেবীগঞ্জ, আটোয়ারীসহ দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু জনগগোষ্ঠীর উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে বিচারের দাবি জানানো হয়।
এর আগে শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বিভিন্ন সংগঠন বিকেল ৩টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।
এসব কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, রেজাউল করিম, এরশাদ হোসেন সরকার, সুভাস চন্দ্র রায়, অর্জুন কুমার ভৌমিক, রবেন কুমার বণিক প্রমুখ বক্তব্য রাখেন।
জামালপুরে আদিবাসী এলাকায় বিভিন্ন সংগঠন
জামালপুর সদরের ভাগড়ায় ক্ষতিগ্রস্ত আদিবাসী মণ্ডলবাড়ি পরিদর্শন করেছে বিভিন্ন সংগঠন।
শুক্রবার দুপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ, মানিবাধিকার কাউন্সিল, গণজাগরণ মঞ্চ ও জেলা কমিউনিস্ট পার্টির নেতারা ভাগড়া এলাকা পরিদর্শন করেন।
এ সময় তারা ক্ষতিগ্রস্ত আদিবাসীদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পাশাপাশি আদিবাসীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও তাদের পুনর্বাসন করতে সরকারের সহযোগিতার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার চৌধুরী, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মানবাধিকার কাউন্সিলের জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর গণজাগরণ মঞ্চের সংগঠক সৈয়দ তানভীর আহম্মেদ ও জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোজাহারুল হক, যুব ইউনিয়ন নেতা পার্থ প্রতিম নন্দী প্রমুখ।
গত মঙ্গলবার জামালপুর সদর উপজেলার ভাগরা গ্রামে আদিবাসীদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা। হামলায় ৭ জন আহত হয়। এই ঘটনায় ১৬ জনকে আসামী করে মামলা হলে পুলিশ এ পর্যন্ত একজন নারী আসামীকে গ্রেফতার করেছে।
