বিশেষ ট্রাইব্যুনালে ‘সাম্প্রদায়িক সন্ত্রাসীদের’ বিচারের দাবি
আলাদা আইন ও বিশেষ ট্রাইব্যুনাল করে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়ীদের বিচারের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ঢাকা থেকে যশোরের মালোপাড়ার পথে রোডমার্চের অংশ হিসাবে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে প্রথম পথসভা থেকে এই দাবি জানানো হয়।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে শুক্রবার সকাল ১০টায় রাজধানীর শাহবাগ থেকে আটটি বাসে করে এই রোডমার্চ শুরু করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
১২টা ২৫ মিনিটে রোড মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো তাদের স্বাগত জানায়। ডেইরি ফার্ম গেইটের সামনে প্রথম পথসভা করে মানিকগঞ্চের পথে রওনা হয় গণজাগরণমঞ্চের রোডমার্চ।
প্রথম পথসভায় ইমরান এইচ সরকার বলেন, “সাম্প্রদায়িক হামলায় রাজনৈতিক দলগুলো বাধা না দিয়ে সাম্প্রদায়িক ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যাবহারের চেষ্টা করছে। এসব হামলার ঘটনায় আলাদা আইন ও বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।”
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানান তিনি।
এর আগে রোডমার্চ সাভারের রানা প্লাজার সামনে পৌঁছালে ‘বিক্ষুব্ধ সাভারবাসী’ ব্যানারে একটি মানববন্ধন থেকে তাদের স্বাগত জানানো হয়।
মঞ্চের মুখপাত্র এ সময় গাড়ি থেকে নেমে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন এবং রানা প্লাজায় নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
সকালে ঢাকা থেকে যাত্রা শুরুর আগে ইমরান সাংবাদিকদের বলেন, “সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের দীর্ঘমেয়াদী আন্দোলনের অংশ হিসেবে এই রোডমার্চ শুরু হচ্ছে। আমাদের এ আন্দোলন চলবে।”
দেশের অন্য যেসব স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে- সেসব জায়গায় কীভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সংগঠিত করা যায়, মার্চ থেকে ফিরে সে বিষয়ে গণজাগরণ মঞ্চ কাজ করবে বলেও জানান তিনি।
রোডমার্চের সময় মঞ্চের কর্মীদের ওপর হামলার আশঙ্কা করছেন কি-না এমন প্রশ্নে তিনি বলেন, “এর আগেও সাম্প্রদায়িক শক্তি গণজাগরণ মঞ্চের ওপর হামলা চালিয়েছে। আমরা হামলার তোয়াক্কা করি না। নিরাপত্তা নিয়ে র্যাব, পুলিশকে আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়েছি। তারা আমাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়েছে।”
মঞ্চের অন্যতম সংগঠক মাহামুদুল হক মুন্সী জানান, যশোরের মালোপাড়ায় হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিতরণের জন্য তারা কিছু শীতবস্ত্র ও অর্থ সংগ্রহ করেছেন। সেসব সঙ্গে করে নিয়ে যাওয়া হচ্ছে।
গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুদের উপর হামলা ও লুটপাট চালানোর পর মঙ্গলবার প্রথম রোডমার্চ কর্মসূচির ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ।
যশোরের পথে এই রোডমার্চে চারটি স্থানে পথসভা এবং দুটি স্থানে জনসমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। দ্বিতীয় পথসভাটি হবে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে, এরপর ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে সমাবেশ হবে।
বিকালে ফরিদপুরের মধুখালীতে মধুবন মার্কেটের সামনে এবং মাগুড়া পৌঁছে খানপাড়া বটতলায় পথসভা করবে গণজাগরণ মঞ্চ।
রাতে যশোর পৌঁছে শেষ হবে রোড মার্চের প্রথমদিন। সেখানেই রাত কাটাবেন মঞ্চের কর্মীরা। শনিবার সকাল ৮টায় তারা যাত্রা করবেন অভয়নগর উপজেলার সাম্প্রদায়িক সন্ত্রাস কবলিত মালোপাড়ার উদ্দেশ্যে।
সেখানে পৌঁছে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মালোপাড়া এলাকার আক্রান্ত এলাকা পরিদর্শন, আক্রান্ত মানুষদের সঙ্গে মতবিনিময়, সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে ধর্ম বর্ণ নির্বিশেষে স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধকরণ এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করার ইচ্ছার কথাও জানিয়েছেন ইমরান।
সবশেষে ফেরার পথে যশোর চিত্রামোড়ে আরেকটি সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।
মালোপাড়ার পথে জাগরণের রোডমার্চ
