শীতে আগুন পোহানো নিয়ে খুন
শীতে আগুন জ্বালানোকে কেন্দ্র করে দিনাজপুরের বীরগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত হেমন্ত চন্দ্র রায় (৩৭) বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মাঝারা কোমরপুর গ্রামের পোহাতু চন্দ্রের ছেলে।
নিহতের বাবা পোহাতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বুধবার মধ্য রাতে হেমন্ত শীতের কারণে খড় জ্বালিয়ে আগুন পোহাচ্ছিল।
এ সময় ওই গ্রামের পৌষা রায়ের ছেলে খোকন রায় তাদের খড় নেয়ার অভিযোগ তুললে হেমন্তের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
এক পর্যায় হেমন্তের মাথায় খোকন লাঠি দিয়ে আঘাত করে।
গুরুত্বর আহত হেমন্তকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ড. গোলাম মোস্তফা বলেন, “ মাথায় আঘাতজনিত কারণে অতিরিক্ত রক্তক্ষরণে দুপুরে হেমন্ত মারা যান।”
এ ব্যাপারে বীরগঞ্জ থানার ওসি আরমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি শুনেছি। তবে কেউ কোন অভিযোগ করেনি।”
অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
