২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সরকার গঠনের পথে শেখ হাসিনা

দশম সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয়বার সরকার গঠন করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 06:31 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে শেখ হাসিনা। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে শেখ হাসিনা।

শপথ নিচ্ছেন শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ নিচ্ছেন শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা।

শপথ নেয়ার পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনা। শপথ নেয়ার পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনা।

শপথে সংবিধান লঙ্ঘিত হয়েছে: বিএনপি

দুটি সংসদ থাকার প্রশ্ন অবান্তর: মাহবুবে আলম

ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের শপথ

হাসিনা সংসদ নেতা রওশন বিরোধী দলের

৫ জানুয়ারির বিএনপিবিহীন নির্বাচনে জয়ী হাসিনা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করে সরকার গঠনে তার সায় নেন।

নতুন মন্ত্রিসভার শপথ নেয়ার সময় রোববার বিকাল ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ করাবেন।

সেদিন শপথ নেয়ার পর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তৃতীয়বারের মতো দেশের সরকার প্রধানের আসনে আসীন হবেন। দলীয় সভানেত্রীকে ইতোমধ্যে সংসদ নেতা নির্বাচিত করেছে সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ।

৫ জানুয়ারির ভোটের নির্বাচিত ২৮৯ জনের গেজেট জারির পরদিন বৃহস্পতিবারই শপথ নেন শেখ হাসিনাসহ নবনির্বাচিত অন্যরা।

এরপর আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সংসদ নেতা নির্বাচিত হয়ে সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান বর্তমান প্রধানমন্ত্রী হাসিনা।

মূলত সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে স্বীকৃতি নিয়ে সরকার গঠনের বিষয়ে আলোচনাই ছিল তার এই সাক্ষাতের লক্ষ্য। তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞাও এই সময় বঙ্গভবনে ছিলেন, রোববারের শপথ অনুষ্ঠান আয়োজনের মূল দায়িত্ব তার কাঁধেই।

আবদুল হামিদের সঙ্গে দেখা করে শেখ হাসিনা সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানান বলে সাংবাদিকদের জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম।

তিনি বলেন, “তিনি (হাসিনা) রাষ্ট্রপতিকে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার অনুরোধ করেছেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।”

এদিকে নবম সংসদের মেয়াদ ২৪ জানুয়ারি পর্যন্ত হওয়ায় তার আগে দশম সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ায় সংবিধানের লঙ্ঘন হয়েছে বলে দাবি করেছে ভোট বর্জনকারী বিএনপি।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন,এর মধ্য দিয়ে স্পিকার শপথ ভঙ্গ করেছেন। এখন রাষ্ট্রপতি এই শপথের ভিত্তিতে সরকার গঠনের জন্য কাউকে ডাকলে তাও সংবিধানের লঙ্ঘন হবে।

অবশ্য এই বিষয়ের ব্যাখ্যায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন,দশম সংসদ ২৪ জানুয়ারির আগে বসলে এই প্রশ্ন আসত। কিন্তু যেহেতু তা হচ্ছে না, তাই এ নিয়ে প্রশ্ন তোলাটা ‘অবান্তর’।

নবনির্বাচিতদের শপথের পর দুপুরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দেয়া তালিকা অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ দিলে মন্ত্রিপরিষদ বিভাগ তাদের শপথের ব্যবস্থা নেবে।

“যারা মন্ত্রী হবেন তাদের আমন্ত্রণ জানানো হবে। এছাড়া অতিথিদেরও আমন্ত্রণ জানানো হবে।”

সম্ভাব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা বঙ্গভবনে পাঠাবেন। তার ওপর ভিত্তি করেই শপথ অনুষ্ঠানের আয়োজন হবে।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে ক্ষমতার বাইরে থাকা আওয়ামী লীগ ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় ফেরে। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার সরকার গঠন করেন হাসিনা।

এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন শেখ হাসিনা।

শপথ নিচ্ছেন শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা।

শপথ নিচ্ছেন শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা।

শপথ নিচ্ছেন শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা।

শপথ নেয়ার পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনা।

শপথ নেয়ার পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনা।

শপথ নেয়ার পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনা।

দশম সংসদের সদস্য হিসেবে ২৮৯ জনের শপথ নেয়ার কথা থাকলেও এদিন শপথ নেন ২৮৪ জন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদসহ পাঁচজন ছিলেন অনুপস্থিত।

শেখ হাসিনাসহ তার দলের সদস্যরা প্রথম দফায় শপথ নেন।এরপর শপথ নেন অন্যরা।

শপথ অনুষ্ঠানের  পরপরই সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে তাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

অন্যদিকে জাতীয় পার্টির বৈঠকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। অর্থাৎ বিএনপিবিহীন দশম সংসদে তিনি হচ্ছেন বিরোধীদলীয় নেতা।

তবে জাতীয় পার্টির কয়েকজন নেতা সরকারে থাকার আগ্রহের কথা ইতোমধ্যে প্রকাশ করেছেন। আর তাতে সাংবিধানিক কোনো সমস্যা নেই বলে মত এসেছে আওয়ামী লীগের সংসদ সদস্যদের মধ্য থেকেও।

এই দশম সংসদের সদস্যদের শপথ নেয়ার পর নবম সংসদের মেয়াদ থাকলেও খালেদা জিয়া এখন আর বিরোধীদলীয় নেতা নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

তবে তার এই বক্তব্যের সঙ্গে ভিন্নতা দেখা গেছে আওয়ামী লীগ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুল হকের কথায়। তিনি টেলিভিশনে আলোচনা সভায় বলেন, ২৪ জানুয়ারি পর্যন্ত বিএনপি চেয়ারপারসনই বিরোধীদলীয় নেতা থাকছেন।

বিএনপি ও তাদের শরিকদের বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ভোট হয়, যাতে ২৩১টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ।

দশম সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর গত ৫ জানুয়ারি ভোটে নির্বাচিত হন ১৩৯ জন। বাকি আটটি আসনে পুনর্ভোট হবে ১৬ জানুয়ারি।

এর মধ্যে যশোর-১ আসনে বিজয়ী শেখ আফিলউদ্দিন ও যশোর-২ আসনে মনিরুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ থাকায় ওই দুটি আসন বাদ রেখে বাকি ২৯০ আসনের গেজেট বুধবার প্রকাশ করে ইসি।

এর মধ্যে দুটি আসনে নির্বাচিত শেখ হাসিনা একটি ছেড়ে দেয়ায় ২৮৯ জনের শপথের ব্যবস্থা নেয় সংসদ সচিবালয়। তার মধ্যে পাঁচজন ছিলেন অনুপস্থিত।