পুলিশ পাহারায় ঢাকার পথে বাস
বেনাপোল থেকে আইনশৃংখলা বাহিনীর বিশেষ পাহারায় ঢাকার দিকে রওনা হয়েছে কয়েকটি বাস।
অবরোধ-হরতালে বন্ধ থাকার আটদিন পর বৃহস্পতিবার দুপুরে পুলিশ পাহারায় ঢাকামুখী পাঁচটি বাস বেনাপোল ছেড়েছে।
এর মধ্যে সোহাগ পরিবহনের চারটি ও ঈগল পরিবহনের একটি বাস রয়েছে।
সোহাগ পরিবহন লিমিটেডের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক সহিদুল ইসলাম জানান, এক সপ্তাহ পর দুপুরে বেনাপোল থেকে ঢাকার সোহাগের চারটি বাস ছেড়ে গেছে।
ঈগল পরিবহনের বেনাপোল কাউন্টারের প্রধান এম আর রহমান রাশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালে নিরাপত্তার অভাবে মালিক ও শ্রমিক নেতাদের নির্দেশে বাস বন্ধ রাখা হয়। আইনশৃংখলা বাহিনীর সহায়তায় বুধবার রাত থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু হয়েছে।
এদিকে বেনাপোল থেকে ঢাকাগামী বাস ছাড়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ভারত ফেরত পাসপোর্টযাত্রী রাজধানীর উত্তরার বাসিন্দা আবুল কালাম আজাদ।
তিনি বলেন, “বুধবার সকালে ভারত থেকে এসেছি কিন্তু পরিবহন বন্ধ থাকায় বাড়ি ফিরতে পারেনি।”
লক্ষ্মীবাজার এলাকার বাসিন্দা দীপক রায় বলেন, “ভিসার মেয়াদ শেষ হওয়ায় অবরোধের মধ্যেও বুধবার দেশে ফিরতে হয়েছে। কিন্তু ঢাকায় যেতে পারিনি। আজ (বৃহস্পতিবার) যাচ্ছি। বাড়িতে না পৌঁছানো পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না।”
বেনাপোল পোর্ট থানার ওসি কাইয়ুম আলি সরদার জানান, সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে বিশেষ ব্যবস্থায় ও নিরাপত্তা দিয়ে বেনাপোল থেকে ঢাকাগামী বাস ছাড়ার ব্যবস্থা করা হয়েছে।
