চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামে বিদেশি মালিকানাধীন একটি জুতা তৈরির কারখানায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক নারী কর্মীর মৃত্যু হয়েছে।
পুলিশ বলছে, বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে পশ্চিম পটিয়ার কোরিয়ান ইপিজেডে ‘কে স্পোর্টস’ কারখানায় শ্রমিকদের বেতন দেয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষের এক পর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকরা ওই কারখানার বিভিন্ন সরঞ্জাম ভাংচুর করে এবং একটি অংশে আগুন ধরিয়ে দেয়।
এছাড়া বিক্ষুব্ধরা কারখানার বিপুল পরিমাণ তৈরি জুতাসহ বিভিন্ন সরঞ্জাম লুটপাট করেছে বলে মালিকপক্ষ দাবি করেছে।
পরে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে চট্টগ্রাম শিল্প পুলিশের পরিচালক তোফায়েল আহমেদ মিয়া জানান।
সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর বেলা ৩টার দিকে পারভীন আক্তার (২০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান।
আহত তিন পুলিশ কনস্টেবল হলেন- রতন দেওয়ান, চানমনি ও আবদুল মতিন। তারা তিনজনই কর্ণফুলী থানায় কর্মরত।
শিল্প পুলিশের পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইয়ংওয়ান গ্রুপের মালিকানাধীন এ কারখানায় বৃহস্পতিবার বেতন দেয়ার কথা ছিল। কিন্তু বেতনের টাকা আনতে দেরি হওয়ায় শ্রমকিরা বিক্ষোভ ও ভাংচুর শুরু করে।
“এক পর্যায়ে ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গেও শ্রমিকরা সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা কয়েক রাউন্ড শট গানের গুলি নিক্ষেপ করে।”
মালিকপক্ষের প্রতিনিধিরা দাবি করেছেন, বহিরাগতরাও এই হামলার সাথে যুক্ত রয়েছে।
কেএসআইএল এর ডিজিএম (এইচআর) নিজাম উদ্দিন ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার শ্রমিকদের নতুন কাঠামো অনুসারে বেতন দেয়ার কথা ছিল। নতুন কাঠামোর চেয়েও এ কারখানায় শ্রমিকদের বেতন পাঁচ থেকে নয়শ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। অথচ কিছুদিন ধরে বাইরের কিছু লোকজন তাদের ভুল বুঝিয়েছে।
“সকালে বেতন দেয়ার আগেই কিছু শ্রমিক জড়ো হয়ে আমাদের কাছে জানতে চায় কত টাকা বেতন দেয়া হবে। এসময় কারখানার পশ্চিম দিকের সীমানা প্রাচীর টপকে কিছু বহিরাগত লোকজন প্রবেশ করে ভাংচুর চালায়।”
তিনি বলেন, এসময় তারা শিপমেন্টের জন্য রাখা তৈরি জুতা ও ল্যাপটপসহ বহনযোগ্য বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে।
কেউ কেউ গুজব ছড়িয়ে এটা করেছে দাবি করে তিনি বলেন, “এটি পরিকল্পিত। আশেপাশের এলাকার লোকজন ঝামেলার সাথে যুক্ত থাকতে পারে।
শিল্প পুলিশের পরিচালক তোফায়েল বলেন, “নিহত শ্রমিক পুলিশের গুলিতে না ইটপাটকেলের আঘাতে মারা গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’’
শ্রমিকদের সঙ্গে বহিরাগতরা প্রবেশ করে লুটপাট চালিয়েছে দাবি করে তিনি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে তাদের সিকিউরিটি অফিসার আজিজুর রহমান, শ্রমিক কাজল দাশ, রোজী আক্তার, মনজুর এলাহী, তানিয়া আক্তার, জনি, নবী হোসেন, টিপু সুলতান, মো. সোহেল, রুখসানা আক্তার ও জসিম উদ্দিন চিকিৎসা নিচ্ছেন।
কোরিয়ান ইপিজডে অবস্থিত ইয়ংওয়ান গ্রুপের মালিকানাধীন কর্ণফুলী স্পোর্টস ইন্ডাস্ট্রি লিমিটেডে (কেএসআইএল) পাঁচ হাজার ছয়শ শ্রমিক-কর্মচারী কাজ করেন।
