মাদরাসা অধ্যক্ষের রগ কেটেছে দুর্বৃত্তরা
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় একটি মাদ্রাসার অধ্যক্ষকের পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদ্রাসা এলাকায় এ হামলা হয়।
আহত গুলিশাখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল বারীকে (৫৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আব্দুল বারীর স্বজনদের দাবি, আওয়ামী লীগ সমর্থকরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
তবে, আওয়ামী লীগ এ অভিযোগ অস্বীকার করেছে।
আব্দুল বারীর ছেলে মামদুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে ১০/১২ জন যুবক জয়বাংলা স্লোগান দিয়ে মাদ্রাসায় আসে। তার বাবা বিষয়টি বুঝতে পেরে দৌড়ে মাদ্রাসার পিছনে একটি বাড়িতে আশ্রয় নেন।
তারা সেখানে গিয়ে ওই বাড়ির ঘর থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় এবং পরে দুপায়ের রগ কেটে দেয়। তার মাথাসহ শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে।
তবে তিনি হামলাকারী কারো নাম বলতে পারেননি।
মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ মো. আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলা নির্বাচন নিয়েও হতে পারে, আবার ব্যক্তিগত বিরোধের কারণেও হতে পারে।
তবে, হামলাকারীরা জয়বাংলা স্লোগান দিয়েছে বলে তিনি স্বীকার করেন।
এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, হামলার ঘটনায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কেউ জড়িত নয়। পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষ তার উপর হামলা চালিয়েছে।
মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মনিরুজ্জামান বলেন, আব্দুল বারীর দুই পায়ের রগ কেটে গেছে। মাথায় একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোরেলগঞ্জ থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে এ হামলা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
