কিশোরগঞ্জ-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
ইঞ্জিন লাইনচ্যুত হয়ে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জের স্টেশন মাস্টার জয়ন্ত মজুমদার জানান, সোমবার দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ রেল স্টেশন এলাকায় ঘোরানোর সময় আন্তঃনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়।
এর ফলে কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইন বন্ধ হয়ে গেছে। এছাড়া ইঞ্জিন না থাকায় ঢাকাগামী এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনও স্টেশন ছেড়ে যেতে পারছে না।
উদ্ধারকারী ট্রেন পাঠানোর জন্য আখাউড়ায় খবর দেয়া হয়েছে। সেটি এলে উদ্ধার কাজ শুরু হবে।
তবে, কতক্ষণ পর উদ্ধারকারী ট্রেন আসবে তা তিনি জানাতে পারেননি।
