‘ভোট দেয়ায়’ পুড়ল পানের বরজ
দশম সংসদ নির্বাচনে ভোট দেয়ায় মাগুরা সদরে এক কৃষকের পানের বরজ পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
রোববার গভীর রাতে উপজেলার বাটাজোড় গ্রামের নৃপেন্দ্র নাথ মণ্ডলের পানের বরজে আগুন ধরে। এতে ওই কৃষকের প্রায় এক একর জমির পান ও প্রায় একশ’ মেহগনি গাছ পুড়ে গেছে।
নৃপেন্দ্রনাথ বলেন, সংসদ নির্বাচনে ভোট না দেয়ার জন্য স্থানীয় একটি মহল এলাকার সংখ্যালঘু পরিবারগুলোকে হুমকি দিয়ে আসছিল। কিন্তু সব বাধা অগ্রাহ্য করে তারা ভোট দেন।
এতে ক্ষিপ্ত হয়ে তারা রোববার মধ্যরাতে পানের বরজে পেট্রোল ঢেলে আগুন দেয়।
এতে বরজের পাশে ও ভিতরে লাগানো প্রায় একশ মেহগনি গাছও পুড়ে যায় বলে জানান তিনি।
এ ব্যাপারে সদর থানার ওসি এম এ হাসেম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনাটি রাজনৈতিক নয় বলে মনে হচ্ছে। সামাজিক বিরোধ নিয়ে এ ঘটনা ঘটতে পারে।
