চট্টগ্রাম ও ফেনীতে ভোটকেন্দ্রে আগুন
নির্বাচন ঠেকাতে বিরোধী দল হরতালের ডাক দেয়ার পর চট্টগ্রাম ও ফেনীতে দুটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় একটি ভোটকেন্দ্রের সরঞ্জামে এবং এর পৌনে এক ঘণ্টার মাথায় ফেনীর সোনাগাজি উপজেলায় একটি ভোটকেন্দ্রে আগুন দেয়া হয়।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, পৌরসভার আলম শফী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুথ তৈরির জন্য রাখা বাঁশ ও কাপড়ে এবং চেয়ারে আগুন দেয় দুর্বৃত্তরা। কিছুক্ষণের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে রাত সোয়া ১০টার দিকে ফেনীর সোনাগাজি উপজেলার নবাবপুর ইউনিয়নের গোয়ালিয়া গ্রামে অন্নদাচরণ সরকারি বিদ্যালয় কেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।
সোনাগাজি মডেল থানার ওসি সুভাষ চন্দ্র পাল জানান, অগ্নিসংযোগের পর স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে বিদ্যালয়ের একটি কক্ষ পুরোপুরি পুড়ে গেছে।
ওসি সুভাষ বলেন, আগামী ৫ জানুয়ারির নির্বাচনে এই বিদ্যালয়ে ভোট গ্রহণের প্রস্তুতি চলছিল। ঘটনার পর পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে যান।
অন্যদিকে রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রাম নগরীর ষোলশহরের ২ নম্বর গেট এলাকায় উপহার কমিউনিটি সেন্টারের সামনে একটি বাসে আগুন দেয়া হয় বলে জানান পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আব্দুর রউফ।
তিনি বলেন, বরযাত্রীদের নিয়ে আসা বাসটি কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে তাতে আগুন দেয় কয়েক দুর্বৃত্ত। কমিউনিটি সেন্টারের লোকজন আগুন নেভানোয় খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
আগামী রোববার দশম জাতীয় সংসদের ভোট র্বজনের ডাক দিয়ে শনিবার সকাল থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট।
