সহকারী কমিশনারের মাথায় পিস্তল ঠেকানোর অভিযোগ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে সহকারী কমিশনারের (ভূমি) মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গজারিয়া থানার ওসি মামুনুর রশীদ বলেন, সোমবার গভীর রাতে সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর রিপনের সরকারি বাসভবনের দরজা ভেঙে ঢুকে এই ঘটনা ঘটান ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহম্মেদ খান জিন্নাহ।
এ ঘটনায় মঙ্গলবার চেয়ারম্যান জিন্নাহসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সহকারী কমিশনার। চেয়ারম্যানের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বাদী আবু জাফর রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার চেয়ারম্যান জিন্নাহ তার কার্যালয়ে এসে মোনায়েম কোম্পানির পক্ষে বেশ কিছু ভূমির নামজারি করতে চাপ দেন। কিন্তু জমিগুলো সরকারি হওয়ায় তিনি নামজারি করতে অস্বীকৃতি জানান।
“পরে রাত পৌনে ১টার দিকে সহযোগীদের নিয়ে চেয়ারম্যান আমার বাসায় ঢোকেন। তিনি আমার মাথায় পিস্তল ঠেকিয়ে জমির নামজারি না করলে গুলি করে হত্যার হুমকি দেন,” বলেন তিনি।
সহকারী কমিশনার বলেন, ঘটনার পর থানায় বিষয়টি জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।
ওসি মামুনুর রশীদ বলেন, চেয়ারম্যান জিন্নাহর সহযোগী হিসেবে পরিচিত গজারিয়া ডাকবাংলোর তত্ত্বাবধায়ক শামসুল হক ও ছোট সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চেয়ারম্যান মনসুর আহম্মেদ খান জিন্নাহ মোনায়েম কোম্পানির জমিজমা দেখাশোনা করেন বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে বক্তব্যের জন্য মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি চেয়ারম্যান জিন্নাহ।
