আশরাফের সঙ্গে ব্রিটিশ দূতের বৈঠক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বেইলি রোডে আশরাফের বাসভবনে গিয়ে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন হাই কমিশনার।
বৈঠক শেষে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। আগের দিন সন্ধ্যায় বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠকের পরেও সাংবাদিকদের কিছু বলেননি গিবসন।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক আশিক হোসেন জানান, মঙ্গলবার বেলা ২টা ৫০ মিনিটের দিকে কালো রঙের একটি ল্যান্ড ক্রুজারে চড়ে স্থানীয় সরকার মন্ত্রীর বাসায় ঢোকেন যুক্তরাজ্যের হাই কমিশনার। এ সময় তার গাড়ির সামনে ব্রিটিশ পতাকা দেখা যায়। পরে বেলা ৩টা ৪১ মিনিটে ওই গাড়িতে চড়ে বাসা থেকে বেরিয়ে যান তিনি।
বিরোধী দলের কর্মসূচি ঘিরে দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ও পুলিশের ব্যাপক কড়াকড়ির মধ্যে সোমবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসায় যান গিবসন। এক ঘণ্টার বেশি সময় বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকের বিষয়ে হাই কমিশনার বা বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি।
তবে যুক্তরাজ্য দূতাবাসের একজন মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড় দিনের ছুটি শেষে ঢাকায় ফিরে রাজনীতির সর্বশেষ হাল-হকিকত জানতেই রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
নির্বাচনকালীন সরকারের ধরন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের বিরোধ চরমে পৌঁছালে যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমঝোতা ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দিয়ে আসছিল। কিন্তু তা না হওয়ায় গত ৯ নভেম্বর এক বিবৃতিতে হতাশা প্রকাশ করেন গিবসন।
ওই বিবৃতিতে তিনি বলেন, “প্রধান দুটি দলের মধ্যে সংলাপের বদলে সংঘাতমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা দেখে আমি হতাশ।”
ব্রিটিশ হাই কমিশনার বলেন, সংলাপের ফলেই ‘সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে’, যা বাংলাদেশের বহু সাধারণ মানুষের চাওয়া।
