বিক্ষোভের ডাক বিএনপিপন্থী আইনজীবীদের
সুপ্রিম কোর্ট চত্বরে ঢুকে মহিলা আইনজীবীদের মারপিট করার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে কালো পতাকা নিয়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. সানাউল্লা মিয়া মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ঢাকার আইনজীবীরা বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কর্মসূচি শুরু করবেন। তবে জেলা পর্যায়ে ফোরামের স্থানীয় নেতৃত্ব কর্মসূচি পালনের সময় নির্ধারণ করবেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত রোববার সুপ্রিম কোর্ট চত্বরে মহিলা আইনজীবীদের নির্যাতন, মারধর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হবে এবং দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও আইনের আওতায় না আনলে আগামী ২ জানুয়ারির পরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
ওই দিনের ঘটনায় নির্যাতিত আইনজীবীরা সুস্থ হয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা জানান। একই ঘটনার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভায়ও নৈতিক সমর্থন জানিয়েছেন তারা।
বুধবারের ওই কর্মসূচিতে ফোরামের আইনজীবীরা যোগ দেবেন বলে সাংবাদিকদের জানান বিএনপিপন্থী আইনজীবী সানাউল্লা।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক ও পুলিশ বাহিনী দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ জাতীয়তাবাদী ফোরামের আইনজীবীদের। খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতার মুক্তি ও তাদের মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ বিএনপি সমর্থক অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।
গত ২৯ ডিসেম্বর বিরোধী জোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যোগ দিতে সুপ্রিম কোর্ট এলাকায় বের হওয়া বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের একটি মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় হাই কোর্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলকারীরা সুপ্রিম কোর্টের প্রধান ফটক খুলে রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যাবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
একপর্যায়ে বেলা সোয়া ৩টার দিকে পুলিশের সামনেই হাই কোর্টের ফটক খুলে চত্বরে ঢুকে বিরোধী দল সমর্থক আইনজীবীদের ধাওয়া দেয় সরকার সমর্থকরা। এ সময় তাদের পিটুনিতে বিরোধী দলের তিন কর্মী আহত হন। দুপক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়িও হয়। পুড়িয়ে দেয়া হয় একটি মোটর সাইকেল।
পরে বিকাল ৪টার দিকে হাই কোর্ট চত্বরে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
