মাগুরায় ব্যবসায়ীকে গলাকেটে হত্যা
মাগুরা সদর উপজেলায় এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে উপজেলার ধলহরা চাঁদপুর গ্রামের মান্দার তলা এলাকায় মাগুরা-নড়াইল সড়ক থেকে কামরুল মুন্সির (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ।
মাগুরা শহরে পরিবেশক ব্যবসায় সঙ্গে জড়িত কামরুল সদর উপজেলার গোপালগ্রামের আলী আহম্মেদ মুন্সির ছেলে।
সদর থানার উপ পরিদর্শক (এসআই) মিলন বলেন, ব্যবসার কাজ শেষে কামরুল সোমবার রাত সাড়ে ৮ টার দিকে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মান্দারতলা এলাকায় দুর্বৃত্তরা তার গতিরোধ করে টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়।
ভোরে টহল পুলিশ রাস্তার পাশ থেকে কামরুলের মৃতদেহ ও তার ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে বলে জানান এসআই মিলন।
