লক্ষ্মীপুর আ. লীগের বিদ্রোহী প্রার্থীর গাড়িতে আগুন
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শফিকুল ইসলামের গাড়ি চাঁদপুরে থামিয়ে তাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, সোমবার গভীর রাতে চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে এ ঘটনা ঘটে।
শফিকুলের অভিযোগ, দুর্বত্তরা তাকে গাড়ি থেকে নামিয়ে লাঞ্ছিতও করেছে। তবে তিনি কাউকে চিনতে পারেননি।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লক্ষ্মীপুর-১ আসন থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পুলিশ সুপার জানান, রাতে নিজের গাড়িতে করে দুই/তিন জন সঙ্গীকে নিয়ে রামগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিলেন শফিকুল।
পথে ঘোষেরহাটে দুর্বৃত্তরা তাদের থামায়। শফিকুলসহ অন্যদের গাড়ি থেকে নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় তারা।
“তার গাড়িটি পুড়ে গেছে। তবে কেউ আহত হননি। পুলিশ কাউকে আটকও করতে পারেনি।”
এ ঘটনায় মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও পুলিশ সুপার জানান।
