২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেনা চেহারায় ঢাকা

বিরোধীদলীয় জোটের ‘গণতন্ত্র অভিযাত্রা’ ও সমাবেশের কর্মসূচি ঘিরে তিন দিন কার্যত অবরুদ্ধ থাকার পর অনেকটা স্বাভাবিক চেহারায় ফিরেছে রাজধানীর জনজীবন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 11:15 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

বছরের শেষদিন মঙ্গলবারও নগরীর সব মোড়ে মোড়ে পুলিশের সতর্ক প্রহরা রয়েছে, তবে কড়াকড়ি কমে আসায় বেড়েছে যানবাহন চলাচল।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে নগর পরিবহনের বাস চলাচল শুরু হয়েছে, গত শনিবার থেকেই যা বন্ধ ছিল। এছাড়া রিকশা, অটোরিকশা, টোম্পোসহ অন্যান্য যানবাহনও চলছে।

তিন দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে দূর পাল্লার বাস চলাচলও শুরু হয়েছে।

হানিফ পরিবহনের শ্যামলী কাউন্টারের সহকারী ব্যবস্থাপক আনিসুর রহমান জানান, সকাল থেকে বিভিন্ন গন্তব্যে তাদের বাস ছেড়ে গেছে। তবে বুধবার থেকে আবার বিরোধী দলের অনির্দিষ্টকালের অবরোধ থাকায় রাতে নতুন করে কোনো বাস ছাড়া হবে না।

একই কথা জানালেন শ্যামলী পরিবহনের আসাদ গেইট শাখার দায়িত্বরত কর্মীরাও।

শনি, রবি ও সোমবার সদরঘাট থেকে দক্ষিণের পথে লঞ্চ চলাচল ছিল কার্যত বন্ধ। মঙ্গলবার সকাল থেকে সচল হয়েছে নৌপথও।

বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে তিনটি লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে। ঢাকায় পৌঁছেছে আটটি লঞ্চ।

ভোরে কুয়াশার কারণে নৌ চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে বলে জানান তিনি।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার সমাবেশ করার ঘোষণা থাকায় গত কয়েক দিন সেখানে ছিল পুলিশের কঠোর নিরাপত্তা। সেখানেও কড়াকড়ি অনেকটা শিথিল করা হয়েছে।

তিন দিন পর ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত সড়কে যানবাহন চলতে শুরু করেছে। পুলিশ থাকলেও মঙ্গলবার সেখানে তল্লাশির কড়াকড়ি চোখে পড়েনি।

তবে বিএনপির বিক্ষোভ কর্মসূচি থাকায় কার্যালয়ের কাছে পুলিশের রায়ট কার, জল কামান প্রস্তুত রাখা হয়েছে আগের দিনের মতোই।

নিরাপত্তা কিছুটা শিথিল হয়েছে গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়ির সামনেও। গত তিন দিন সেখানে আট থেকে নয় প্লাটুন পুলিশ থাকলেও সোমবার গভীর রাত থেকে ওই সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।

নির্বাচনের পাঁচ দিন আগে রাজধানী অনেকটা স্বাভাবিক চেহারায় ফিরলেও বুধবার নতুন বছরের প্রথম দিন থেকেই সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন সোমবার এক সংবাদ সম্মেলনে বিরোধী জোটের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, পরবর্তী কর্মসূচি না দেয়া পর্যন্ত ১ জানুয়ারি বুধবার থেকে সারাদেশে অবিরাম রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধ চলবে।

বিএনপি দাবি করে আসছে, নির্দলীয় সরকারের দাবিতে তাদের প্রতি জনগণের সমর্থন রয়েছে। অন্যদিকে এই আন্দোলনে জনসমর্থন নেই দাবি করে ৫ জানুয়ারি নির্বাচন করার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।