পুরান ঢাকায় পিঠা বিক্রেতা গুলিতে আহত
পুরান ঢাকার নবাবপুর এলাকায় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া শটগানের গুলিতে আহত হয়েছেন এক পিঠা বিক্রেতা।
সোমবার বেলা ১১টার দিকের এ ঘটনায় আহত ইউসুফ আলী খানকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বংশাল থানার ওসি মো. কুদ্দুস ফকির জানান, সকালে নবাবপুরে কিছু যুবক ঝটিকা মিছিল থেকে হাতবোমা ফাটায় এবং গাড়ি ভাংচুরের চেষ্টা করে। মিছিলকারীদের নাশকতা ঠেকাতে শটগানের গুলি ছুড়তে হয় পুলিশকে।
রাস্তার পাশে থাকা পিঠা বিক্রেতা ইউসুফ এ সময় পেটে আঘাত পান বলে ওসি জানান।
হাসপাতাল থেকে ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে অন্যান্য দিনের মতোই সকালে রাস্তার পাশে পিঠা বিক্রি করছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই কয়েকজন যুবক জড়ো হয়ে মিছিল শুরু করে এবং বোমা ফাটায়।
এরপর পুলিশ এসে গুলি ছুড়লে ইউসুফের পেটের নিচের অংশে ছররা লাগে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।
ওসি জানান, মিছিলকারীদের কাউকে তারা আটক করতে পারেননি।
