রাজধানীর এক বাড়িতে ২০০ হাতবোমা
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে দুই শতাধিক হাতবোমাসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোররাতের অভিযানে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের ওয়াই-২৬ নম্বর বাসার নিচ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক আসাদুজ্জামান (১৮) গ্রাফিক্স আর্টস কলেজ, সোহেল রানা (১৫) শ্যামলীর বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট ও আরশাদুজ্জামান জুয়েল (১৮) রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
পুলিশের দাবি, আটককৃতরা ইসলামী ছাত্র শিবিবের কর্মী এবং তারা ১৮ দলীয় জোটের ডাকা সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নাশকতার পরিকল্পনা করেছিল ।
মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মুক্তা ধর বলেন, আটকদের কাছ থেকে উদ্ধার হওয়া ইসলামী ছাত্র শিবিরের রেজিস্টার খাতা থেকে তাদের পরিচয় সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়েছে। এছাড়া ওই খাতা থেকেই জানা গেছে অভিযান চালানো ফ্ল্যাটটিতে আটজন থাকতো।
তিনি বলেন, আটকদের থেকে বোমা তৈরির সরঞ্জাম, গান পাওডার, সরকার বিরোধী প্রচারপত্র, সিডি, শিবিরের ক্যালেন্ডার, জেহাদী বই, কয়েকটি জাতীয় পতাকাসহ প্রায় ২শ টি তাজা হাতেবোমা উদ্ধার করা হয়।
“১৮ দলের রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা ছিল তাদের,” বলেন এই পুলিশ কর্মকর্তা।
উদ্ধার হওয়া হাতবোমাগুলোও অত্যন্ত শক্তিশালী বলে জানান তিনি।
আটকদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
মুক্তা বলেন, “শনিবার রাতে শুরু হওয়া যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার এক শিবির কর্মীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।”
রাজধানীতে যৌথ অভিযান শুরু হলে বাকিরা পালিয়ে যায় বলে জানান তিনি।
তবে যারা নাশকতার সঙ্গে সম্পৃক্ত তাদের খুঁজে বের করতে পুলিশের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
গত ২০ ও ২১ ডিসেম্বর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে প্রায় ১৩২ টি হাতবোমা ও ১ কেজি বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র্যাব।
